
একাত্তরে বাংলাদেশের অভ্যুদয়ের পর থেকেই আন্তরিক সহযোগিতার মাধ্যমে পরীক্ষিত বন্ধু হিসেবে জাপান নিজেকে প্রমাণ করেছে। জাপান ও জাপানের জনগণের অকুণ্ঠ সহযোগিতা বিবেচনা করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদের নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার করেছে বাংলাদেশ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার বিকেলে তাঁর কার্যালয়ে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান।
বন্ধুতার প্রতি ত্যাগ স্বীকারের এ উদার দৃষ্টান্ত দেখানোয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের জনগণের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শিনজো আবে। দুই দিনের সফরে আজ দুপুরে ঢাকায় আসেন জাপানের প্রধানমন্ত্রী। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে শিনজো আবে সাভারে জাতীয় স্মৃতিসৌধে যান শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। সেখান থেকে তিনি ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন।
শীর্ষ বৈঠক
বিকেলে আনুষ্ঠানিক বৈঠকের আগে দুই প্রধানমন্ত্রী প্রথমে একান্তে ১৫ মিনিট আলোচনা করেন। আলোচনা শেষে তাঁরা প্রায় এক ঘণ্টার আনুষ্ঠানিক বৈঠক করেন। এরপর যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন দুই প্রধানমন্ত্রী। শুরুতে তাঁরা আলোচনার সম্মত ঘোষণায় সই করেন। এরপর বাংলাদেশের পক্ষ থেকে জাপানের প্রধানমন্ত্রীকে যে দুটি ব্যঘ্র শাবক দেওয়া হবে, শাবকগুলোর ছবির অ্যালবাম শিনজো আবের হাতে তুলে দেন শেখ হাসিনা। অন্যদিকে শিনজো আবে জাপানে তৈরি দুই দেশের মুদ্রা-সংবলিত একটি স্মারক শেখ হাসিনাকে উপহার দেন। ওই স্মারকে বাংলাদেশের মুদ্রার এক পিঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি রয়েছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান দুই প্রধানমন্ত্রী। তবে তাঁরা কোনো প্রশ্ন নেননি। শেখ হাসিনা তাঁর বক্তব্যে সমন্বিত অংশীদারত্ব কর্মসূচি ও বিগ-বি উদ্যোগের কথা উল্লেখ করেন। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে জাপানের সহযোগিতার বিষয়টিও উল্লেখ করেন তিনি।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদের নির্বাচনে বাংলাদেশের প্রার্থিতা প্রত্যাহার প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, ‘কয়েক বছর আগে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে ২০১৬-১৭ মেয়াদের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদের জন্য আমরা নতুন করে প্রার্থিতা ঘোষণা করেছি। ২০১১ সালে আমাদের দীর্ঘদিনের অকৃত্রিম বন্ধু জাপানও একই গ্রুপ থেকে তাদের প্রার্থিতা ঘোষণা করেছে। দুই দেশের পারস্পরিক সহযোগিতা এবং গ্রুপ সংহতি বজায় রাখার জন্য বিভিন্ন বহুপক্ষীয় ফোরামে আমরা তখন থেকেই পরস্পরের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি।’
শিনজো আবে বাংলাদেশের প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জনগণের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, দুই দেশের সম্পর্ক যখন নতুন পর্যায়ে উন্নীত হতে যাচ্ছে, সে সময় এ ধরনের সিদ্ধান্ত সম্পর্ককে আরও নিবিড় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বঙ্গোপসাগরীয় অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রসঙ্গ টেনে জাপানের প্রধানমন্ত্রী বাংলাদেশের জন্য আগামী পাঁচ বছরে ৬০০ কোটি মার্কিন ডলার সহায়তা দেওয়ার কথা পুনর্ব্যক্ত করেন। এ সহায়তার আওতায় ইতিমধ্যে ১ দশমিক ১২ বিলিয়ন ইয়েন দেওয়া হয়েছে। এ সহযোগিতার মূল লক্ষ্য হচ্ছে, বে অব বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্ট (বিগ-বি) উদ্যোগ।
প্রসঙ্গত, জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাঁচটি দেশ স্থায়ী সদস্য হিসেবে প্রতিনিধিত্ব করে। আর নিরাপত্তা পরিষদের ১০টি অস্থায়ী পদে বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে দুই বছর পরপর বিভিন্ন দেশ নির্বাচনে অংশ নেয়।
যৌথ ঘোষণা
বৈঠক শেষে দেওয়া যৌথ ঘোষণায় বলা হয়েছে, বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর ব্যাপারে শিনজো আবের পরিকল্পনাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিনজো আবে উল্লেখ করেন, বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার ক্ষেত্রে স্থান নির্বাচন, প্রতিযোগিতামূলক সুবিধা নিশ্চিত, অবকাঠামো উন্নয়ন এবং শ্রমিকের যোগান গুরুত্বপূর্ণ উপাদান। বিদেশি বিনিয়োগকারীদের জন্য নিরবচ্ছিন্নভাবে বিদ্যুত্ ও জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সেবার মান বাড়ানোর ব্যাপারে মনোযোগী হওয়ার পরামর্শ দেন। এ ব্যাপারে যত দ্রুত সম্ভব পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন শেখ হাসিনা। শেখ হাসিনা জাপানে বাংলাদেশের তৈরি পোশাকের রপ্তানি বাড়াতে উত্স বিধি শিথিল করার পরামর্শ দেন।
বিগ-বি উদ্যোগের আওতায় দুই প্রধানমন্ত্রী যোগাযোগ নেটওয়ার্কের উন্নয়ন, নিরবচ্ছিন্ন বিদ্যুত্ সরবরাহ, অর্থনৈতিক অঞ্চলের উন্নয়নসহ নগর উন্নয়ন ও বেসরকারি খাতের বিকাশে একসঙ্গে কাজ করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। অর্থনৈতিক অবকাঠামো, বিনিয়োগের পরিবেশের উন্নয়ন ও যোগাযোগ নেটওয়ার্ককে কেন্দ্রবিন্দুতে রেখে বিগ-বি উদ্যোগের সর্বোচ্চ সদ্ব্যবহারের জন্য জাপানের উন্নত প্রযুক্তিকে কাজে লাগিয়ে পারস্পরিক সুফল লাভের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
দুই প্রধানমন্ত্রী সামুদ্রিক সম্পদ টেকসই উপায়ে ব্যবহারে সম্মত হয়েছেন। এই প্রেক্ষাপটে ব্লু ইকোনমি বা সাগর অর্থনীতির বিকাশে একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছেন।
শিনজো আবে দুই দিনের সফর শেষে কাল সকালে ঢাকা থেকে কলম্বো যাবেন।