জাপান-বাংলাদেশ হাসপাতালের এমডিসহ দুজনকে হাইকোর্টে তলব
মৃত শিশুকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে অর্থ আদায়ের অভিযোগের বিষয়ে ব্যাখ্যা নিতে রাজধানীর ধানমন্ডির জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও ঔষধ প্রশাসন অধিদপ্তরের পরিচালককে তলব করেছেন হাইকোর্ট।
গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন আমলে নিয়ে বিচারপতি এম. মোয়াজ্জাম হোসেন ও বিচারপতি মো. বদরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে গতকাল বৃহস্পতিবার এ আদেশ দেন। ২২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টায় আদালতে হাজির হয়ে তাঁদের ব্যাখ্যা দিতে হবে।
গতকাল প্রথম আলোয় প্রকাশিত ‘হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা’ এবং আরেকটি পত্রিকায় ‘মৃত শিশুকে হাসপাতালে ভর্তি রেখে অর্থ আদায়!’ শিরোনামে প্রকাশিত দুটি প্রতিবেদন আদালতে তুলে ধরেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইদ্রিসুর রহমান ও তৌফিক ইনাম।
আদেশের পাশাপাশি আদালত রুল দেন। জাপান-বাংলাদেশ হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে কেন নিয়মিত ফৌজদারি মামলাসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হবে না এবং মৃত শিশুটির পরিবারকে কেন ক্ষতিপূরণ দিতে নির্দেশ দেওয়া হবে না, রুলে তা জানতে চাওয়া হয়। স্বাস্থ্যসচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক ও জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালককে ১০ দিনের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
মৃত শিশুকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা, অনভিজ্ঞ চিকিৎসক দিয়ে চিকিৎসা করানো, বায়োকেমিস্ট না রাখাসহ বিভিন্ন অনিয়মে জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল-সংশ্লিষ্ট ছয়জনকে গত বুধবার ১১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেন র্যা বের ভ্রাম্যমাণ আদালত।
স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক চিকিৎসক মো. শাহজাহান গত বুধবার বলেন, ‘নিয়মকানুন মেনে আইসিইউ চলছে কি না, তা দেখতে আমরা ভেতরে ঢুকি। গিয়ে শিশুটিকে দেখতে পাই। পরীক্ষা করে দেখি, সে আগেই মারা গেছে। কিন্তু সে সময়ও তার ভেন্টিলেটর চলছিল।’
হাসপাতালের ব্যাখ্যা: প্রকাশিত প্রতিবেদন বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সামিউল হাসান। তিনি বলেন, ৮ ফেব্রুয়ারি রাত ৯টার দিকে নিউমোনিয়া ও এনসেফালাইটিসে আক্রান্ত হয়ে শিশু সুমাইয়া সাবাহ চিকিৎসক বাকী বিল্লাহর অধীনে ভর্তি হয়। অবস্থার অবনতি হওয়ায় ওই দিন রাত ১০টা থেকে ভেন্টিলেটর দিয়ে প্রয়োজনীয় চিকিৎসা চালানো হয়। রাতে ও পরদিন সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু নিউরোলজি বিশেষজ্ঞ কাজী আশরাফ হোসেন পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসা দেন। ১০ ফেব্রুয়ারি সকাল থেকে রোগীর অবস্থার অবনতি ঘটতে থাকে। এরপর বেলা ১টা ৪০ মিনিটের দিকে সে মারা যায়।
রোগীটি যখন মারা যায়, ঠিক ওই সময় র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন-২ এবং স্বাস্থ্য অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত হাসপাতাল পরিদর্শনে আসেন। এ সময় রোগীর আত্মীয়স্বজন র্যা ব সদস্যদের কাছে চিকিৎসায় অবহেলা এবং তাঁদের কাছ থেকে লাখ লাখ টাকা জোরপূর্বক আদায় করা হয়েছে বলে অভিযোগ করেন।