দশম জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র দুই দিন বাকি। কিন্তু জাতীয় পার্টি (জাপা) নির্বাচনে আছে কি নেই, তা এখনো পরিষ্কার হয়নি। দলটির চেয়ারম্যান এইচ এম এরশাদ এখনো সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ)। তিনি অন্তরীণ, নাকি মুক্ত, সেটাও অস্পষ্ট।
আবার রওশন এরশাদের নেতৃত্বে দলের একাংশ সরকারের সঙ্গে সমঝোতা করে নির্বাচনের মাঠে আছে।
অন্যদিকে এরশাদের ভাই ও জাপার সভাপতিমণ্ডলীর সদস্য জি এম কাদের ও মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারকে গতকাল বুধবার দলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান করতে দেয়নি পুলিশ। সব মিলিয়ে জাপার অবস্থান এখনো ঘোলাটে।
অবশ্য ঢাকা-৬ আসনে সম্প্রতি নির্বাচনী প্রচারকালে জাপার প্রার্থী কাজী ফিরোজ রশীদ বলেছেন, দলের নেতা-কর্মী ও দেশবাসীকে বিভ্রান্তিতে রাখাটা তাঁর দলের সৌন্দর্য।
এইচ এম এরশাদ গত ৩ ডিসেম্বর নির্বাচন বর্জনের ঘোষণা দেন। এরপর ১২ ডিসেম্বর তিনি জাপার দলীয় প্রতীক ‘লাঙ্গল’ কাউকে বরাদ্দ না দিতে নির্বাচন কমিশনকে অনুরোধ করে চিঠিও লেখেন। এর পরও জাপার ২১ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। দলের আরও ৬৫ জন প্রার্থী ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সঙ্গে মিলেমিশে এখন নির্বাচন করছেন।
এরশাদের নির্দেশ অমান্য করেই রওশন এরশাদ-আনিসুল ইসলাম মাহমুদ-জিয়াউদ্দীন আহমেদ বাবলুর নেতৃত্বে জাপার একটি অংশ সরকারের সঙ্গে গোপনে সমঝোতা করে নির্বাচনে আছে। কিন্তু দলের প্রধান এরশাদ নির্বাচনের বর্জনের ঘোষণায় অটল থাকায় গত ২০ দিন ধরে সিএমএইচে ‘আটক’ রয়েছেন বলে জাপার নেতা-কর্মীদের অভিযোগ।
প্রথম কদিন হাসপাতালে তাঁর সঙ্গে দেখা করে এসে জি এম কাদের, এরশাদের বিশেষ উপদেষ্টা ববি হাজ্জাজ পৃথক সংবাদ সম্মেলন করে এরশাদের বক্তব্য গণমাধ্যমের কাছে তুলে ধরেন। তাঁরা জানান, এরশাদ নির্বাচন বর্জনের ঘোষণায় অটল আছেন। এরপর গত দুই সপ্তাহে কেবল এরশাদের গলফ খেলার খবর গণমাধ্যমে এলেও তাঁর কোনো বক্তব্য আসছে না।
এরশাদের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, কয়েক দিন ধরে এরশাদের সঙ্গে দেখা-সাক্ষাতের ব্যাপারে কড়াকড়ি আরোপ করা হয়েছে। এখন এরশাদকে জাতির উদ্দেশে নির্বাচনী ভাষণ দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে। কিন্তু এরশাদ তাতে রাজি হচ্ছেন না।
এদিকে এরশাদের ওপর কড়াকড়ি আরোপের পাশাপাশি জাপার নির্বাচন বর্জনকারী অংশের কর্মকাণ্ডেও পুলিশ বাধা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন দলের কয়েকজন নেতা। গতকাল দলের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর দুটি আলোচনা সভা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী করতে দেয়নি। সকালে রাজধানীর গুলশানে একটি কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর জাপার উত্তর শাখা এবং বিকেলে কাকরাইলে জাপার কেন্দ্রীয় কার্যালয়ে দলের দক্ষিণ শাখা পৃথক আলোচনার আয়োজন করে। গুলশানের সভায় জি এম কাদেরের প্রধান অতিথি ও রুহুল আমিন হাওলাদারের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। আর কাকরাইলের সভার প্রধান অতিথি ছিলেন সভাপতিমণ্ডলীর সদস্য দেলোয়ার হোসেন।
অবশ্য সন্ধ্যায় জি এম কাদের উত্তরায় নিজ বাসভবনে জাপার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত জাতীয় সাংস্কৃতিক পার্টির আয়োজন করেন। এতে জি এম কাদের অভিযোগ করেন, তাঁকে এরশাদের সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না। তাঁরা এরশাদের কাছ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। তিনি বলেন, ‘পদত্যাগ করলেও সরকারি খাতায় আমি এখনো মন্ত্রী। আমরা তো সরকারের বিপক্ষে অবস্থান নিইনি। আমরা এতগুলো মন্ত্রী। তার পরও আমাদের সভা করতে দেওয়া হচ্ছে না। আমাকে পতাকা দেওয়া হয়েছে কিন্তু পতাকার সম্মান দেওয়া হচ্ছে না।’