জাপার অর্ধশত নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সাব-রেজিস্ট্রার অফিস ভাঙচুরের ঘটনায় জাতীয় পার্টির অর্ধশত নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। গত রোববার ওই অফিসের নৈশপ্রহরী ও পিয়ন হযরত আলী বাদী হয়ে নাগেশ্বরী থানায় মামলাটি করেন।
মামলায় মনিরচর গ্রামের জাতীয় পার্টি নেতা ফজলুল হক, বোয়ালেরডারা গ্রামের ফয়জার রহমানসহ অজ্ঞাত ৪০-৫০ জনকে আসামি করা হয়েছে। মামলার এজাহারে উল্লেখ করা হয়, আসামিরা জোরপূর্বক অফিসে প্রবেশ করে সরকারি কাজে বাধাদান, কর্মরত ব্যক্তিদের মারধর, ভয়ভীতি প্রদর্শন, কাগজপত্র তছনছ, অফিস ভাঙচুরসহ ৮৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি করেছেন।
নাগেশ্বরী উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আ ম প আনিছুর রহমান বলেন, ‘কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে আমরা জানি না। এটা সাজানো মামলা। আওয়ামী লীগের ষড়যন্ত্র। জাপা নেতা ফজলুলসহ অন্যদের নামে মামলা হওয়ায় আমরা নিন্দা জানাই।’
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আক্কাছ আহম্মদ বলেন, সরকারি কাজে বাধা প্রদান ও সরকারি সম্পত্তি ক্ষতির মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
গত রোববার ১১টার দিকে পল্লী বিদ্যুতের নাগেশ্বরী কলেজ মোড় জোনাল অফিসের সামনে জাতীয় পার্টি নেতা ফজলুল হকের সঙ্গে বানিয়াপাড়া গ্রামের বাবলু মিয়ার কথা-কাটাকাটি ও একপর্যায়ে হাতাহাতি হয়। এরপর জাতীয় পার্টির লোকজন লাঠিসোঁটা নিয়ে বাবলুকে খুঁজতে বের হয়। তাকে না পেয়ে উপজেলা শিক্ষা অফিসের কাছে তার ভাতিজা পৌর যুবলীগ সভাপতি উমর ফারুককে ধাওয়া করে। ফারুক প্রাণভয়ে সাব-রেজিস্ট্রার অফিসে ঢুকলে জাতীয় পার্টির লোকজন অফিসে ঢুকে কাগজপত্র নষ্ট করে। এ সময় কাচের জানালা ও কাঠের দরজা ভাঙচুর করে। এতে অফিসের নকলনবিশ মজিবর রহমান ও ইসলাম হোসেন আহত হন।