জাপার অর্ধেক প্রার্থী ভয়ে বসে গেছেন: এরশাদ
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, পৌর নির্বাচন যে সুষ্ঠু হবে না, এ বিষয়ে তাঁর সন্দেহ এখন সুদৃঢ় হয়েছে। তিনি বলেন, ‘আমরা প্রার্থী দিয়েছিলাম ১০০ থেকে ১৫০। অর্ধেক প্রার্থী ভয়ে বসে গেছেন। কারও বাড়িতে আগুন দেবে, কাউকে মেরে ফেলবে, এই ভয় দেখায়। এ নির্বাচন সুষ্ঠু হবে কীভাবে?’
গতকাল রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় পার্টির ঢাকা মহানগর দক্ষিণের দ্বিবার্ষিক সম্মেলনে এরশাদ এসব কথা বলেন।
এরশাদ বলেন, ‘যেটুকু সন্দেহ ছিল যে উনি (প্রধান নির্বাচন কমিশনার) সুষ্ঠু নির্বাচন করতে পারবেন না, সেই সন্দেহ আজ সুদৃঢ় হয়েছে। উনি প্রধানমন্ত্রীর সাহায্য চেয়েছেন। এটি হতে পারে না। উনি চাইতে পারেন না এটা। ওনার শক্তি এখন নির্বাচনের বিষয়ে প্রধানমন্ত্রীর অনেক ঊর্ধ্বে। উনি সেটা ভুলে যান। তিনি বলেন, ‘সবচেয়ে দুঃখের বিষয়। আমাদের নির্বাচন কমিশনের মেরুদণ্ড নাই। সেটা আবার প্রমাণিত হয়েছে।’
এরশাদ বলেন, ‘আমি প্রথম থেকে বলেছি এই নির্বাচন আওয়ামী লীগের জন্য অগ্নিপরীক্ষা। গত মেয়র নির্বাচন যে হয়েছে, সেই নির্বাচনের মতো এই নির্বাচন যেন না হয়। অগ্নিপরীক্ষায় আওয়ামী লীগ হয়তো উত্তীর্ণ হতে পারবে না।’ প্রধানমন্ত্রীর এই বিশেষ দূত বলেন, ‘অনেক বড় বড় বুদ্ধিজীবী আছেন। তাঁদের মুখে প্রতিবাদের কথা শুনি না। এটা হওয়া উচিত নয়। সরকারের গুণগান ছাড়া কিচ্ছু বলেন না ওনারা। কোথায় চলে গিয়েছি আমরা।’