যাচাই-বাছাইকালে মনোনয়নপত্র বাতিল হওয়ার বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেছেন জাতীয় পার্টির (জাপা) অন্তত চারজন প্রার্থী।
দশম জাতীয় সংসদ নির্বাচনে বাছাইকালে রিটার্নিং কর্মকর্তা কর্তৃক মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিলের শুনানি আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে। নির্বাচন কমিশন সচিবালয়ে প্রতিদিন দুবেলা করে মোট তিন দিন শুনানি চলবে। গতকাল সোমবার বিকেলে এমন ৬০টি আপিল আবেদন যাচাই-বাছাই করে জাপার আটজন প্রার্থীর আবেদন পাওয়া গেছে। তাঁরা হলেন: জাফর ইকবাল সিদ্দিকী (নীলফামারী-১), এ এইচ এম গোলাম শহীদ (গাইবান্ধা-৫), খন্দকার আবদুস সালাম (গাজীপুর-১), মাহবুব আলম (গাজীপুর-২), মনিরুজ্জামান চৌধুরী (লক্ষ্মীপুর-৩), এম এ কুদ্দুস খান (ঝালকাঠি-২), সেকান্দার আলী (পিরোজপুর-৩) ও সুলতান জিসান উদ্দিন (কুমিল্লা-১)। কমিশন সচিবালয় সূত্র জানায়, সব আপিল আবেদন গতকাল পর্যন্ত পর্যালোচনা করা সম্ভব হয়নি। এতে জাপার আরও প্রার্থী থাকতে পারেন।
এবারের নির্বাচনে মোট এক হাজার ১০৭ জন মনোনয়নপত্র জমা দেন। ৫ ও ৬ ডিসেম্বর বাছাইয়ে ২৬০ জনের মনোনয়নপত্র বাতিল হয়ে যায়। এঁদের মধ্যে গতকাল সোমবার সন্ধ্যা পর্যন্ত ১৩৮ জন মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আবেদন করেছেন। আবেদনকারীদের প্রায় অর্ধেকই স্বতন্ত্র প্রার্থী। বেশ কয়েকজন উপজেলা চেয়ারম্যানও আছেন। উপজেলা চেয়ারম্যানের পদকে লাভজনক বিবেচনা করে রিটার্নিং কর্মকর্তারা তাঁদের মনোনয়নপত্র বাতিল করেছেন।