গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে সংসদ থেকে ওয়াক আউট করেছে বিরোধী দল জাতীয় পার্টি। তারা গ্যাস ও বিদ্যুতের দাম না বাড়ানোর দাবি জানিয়েছে।
গতকাল মঙ্গলবার সংসদে প্রশ্নোত্তরপর্বের পর বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টির সাংসদেরা ওয়াক আউট করেন।
তার আগে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে অনির্ধারিত আলোচনায় রওশন এরশাদ বলেন, যখন আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে, তখন এখানে বাড়ানো হয়েছে। কেন বাড়ানো হয়েছে, জানতে চাই? আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম যখন ব্যারেলপ্রতি ৪০ ডলার, তখন সবাই ভেবেছিল দাম কমবে। মানুষ স্বস্তি পাবে। কিন্তু কমানো হয়নি।
বিরোধীদলীয় নেতা আরও বলেন, এমন কী হলো যে বিদ্যুতের দাম বাড়াতে হবে? এই বৃদ্ধি জনজীবনে বিরূপ প্রভাব ফেলবে। আমাদের দাবি, যে দাম বাড়ানো হয়েছে তা কমিয়ে আগের দামে নিতে হবে। আশা করি, সরকার এটি পুনর্বিবেচনা করবে।
এরপর রওশন এরশাদ দলীয় সদস্যদের নিয়ে ওয়াক আউট করেন।
এ সময় শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, বিরোধীদলীয় নেতা আমাদের কাছে জানতে চেয়েছেন, কেন গ্যাস-বিদ্যুতের দাম বাড়ল। কিন্তু এ বিষয়ে তিনি আমাদের বক্তব্য না শুনেই ওয়াক আউট করলেন।