মনোনয়নপত্র জমা দেওয়ার দুই দিন আগেও আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির শিক্ষা, প্রশিক্ষণ ও পাঠাগারবিষয়ক সম্পাদক ছিলেন পীর ফজলুর রহমান ওরফে মিজবাহ। তিনি জাতীয় পার্টির (জাপা) কোটায় সুনামগঞ্জ-৪ আসনে বেসরকারিভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংসদ নির্বাচিত হয়েছেন।
কুমিল্লা-৮ আসনে এর আগে ছয়বার নির্বাচন করেছেন জাপার নুরুল ইসলাম। প্রতিবারই ফেল করেছেন। এবারের ‘একতরফা’ নির্বাচনে তিনি বিনা ভোটেই বেসরকারিভাবে সাংসদ নির্বাচিত হয়ে গেছেন।
সমঝোতার মাধ্যমে ‘আসন ভাগাভাগির’ এই নির্বাচনে জাপার কোটায় এরই মধ্যে ২১ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে নির্বাচিত হয়ে গেছেন। এসব আসনে আওয়ামী লীগের প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।
সংশ্লিষ্ট এলাকায় খোঁজখবর করে জানা যায়, জাপার কোটায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ব্যক্তিদের মধ্যে অন্তত ১০ জন আছেন একেবারেই অখ্যাত, যাঁদের অনেককেই এলাকার মানুষ খুব একটা চেনেন না। মানুষের ধারণা, সত্যিকার নির্বাচন হলে এঁদের জামানত রক্ষা করাই কঠিন হতো।
জাপার মনোনয়নে ময়মনসিংহ-৫ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে নির্বাচিত হন সালাহউদ্দিন আহমেদ। তিনি ২০১০ সালের অক্টোবরে জুয়ার মামলায় গ্রেপ্তার হয়েছিলেন। শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস। এলাকায় ঠিকাদারি করেন। তাঁকে সাংসদ বানাতে আওয়ামী লীগ নিজ দলের প্রার্থী (বর্তমান সাংসদ) কে এম খালেদকে বসিয়ে দিয়েছে। এ কারণে দলের স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ময়মনসিংহের ছাত্রলীগের সাবেক একজন নেতা প্রথম আলোকে বলেন, ‘এভাবে যদি সাংসদ হওয়া যায়, তাহলে রাজনীতির দরকার কী?’
নারায়ণগঞ্জের বিতর্কিত সাংসদ নাসিম ওসমানের ঘনিষ্ঠ সহযোগী লিয়াকত হোসেন ওরফে খোকা। বিভিন্ন কর্মকাণ্ডের জন্য বিতর্কিত এই ব্যক্তিও নারায়ণগঞ্জ-৩ আসনে জাপার কোটায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে সাংসদ নির্বাচিত হয়ে গেছেন।
এই আসনে সোনারগাঁ উপজেলা চেয়ারম্যান মোশাররফ হোসেন ছিলেন আওয়ামী লীগের প্রার্থী। দলের নির্দেশে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। তবে সংসদ নির্বাচন করার লক্ষ্যে উপজেলা চেয়ারম্যান পদ ছেড়ে তিনি এখন আক্ষেপ করছেন।
লন্ডনপ্রবাসী মোহাম্মদ আবদুল মুনিম চৌধুরীও জাপার ‘ভাগ্যগুণে’ এবার হবিগঞ্জ-১ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংসদ হচ্ছেন।
একইভাবে লক্ষ্মীপুর-২ আসনে ভোট ছাড়াই সাংসদ হতে চলেছেন মোহাম্মদ নোমান। জাতীয় ছাত্রসমাজের সাবেক এই নেতা থাকেন ঢাকায়। এলাকায় তাঁর খুব একটা পরিচিতি নেই। একই অবস্থা বেসরকারিভাবে নির্বাচিত কুমিল্লা-২ আসনের মোহাম্মদ আমির হোসেন, সিলেট-৫ আসনে সেলিম উদ্দিনের।
চিংড়ি ব্যবসায়ী মোহাম্মদ ইলিয়াছ কক্সবাজার-১ আসনে, আইনজীবী নুরুল ইসলাম তালুকদার বগুড়া-৫ আসনে এবং জাপার স্থানীয় দুই নেতা শরিফুল ইসলাম বগুড়া-২ ও নূরুল ইসলাম ওমর বগুড়া-৬ আসনে, ব্যবসায়ী ও জাপার নেতা শওকত চৌধুরী নীলফামারী-৪ আসনে বেসরকারিভাবে নির্বাচিত।
আছেন কুখ্যাত রাজাকারও: ময়মনসিংহ-৭ আসনে জাপার মনোনয়নে একাত্তরে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী রাজাকারও সাংসদ হতে যাচ্ছেন। জাপার এই প্রার্থীর নাম এম এ হান্নান। তাঁকে সাংসদ বানানোর জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী সাংসদ রেজা আলী দলের নির্দেশে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
মুক্তিযোদ্ধা সংসদের ময়মনসিংহ জেলা কমান্ডার নাজিম উদ্দিন প্রথম আলোকে বলেন, তৎকালীন পাকিস্তান কনভেনশন মুসলিম লীগের ময়মনসিংহের সভাপতি এম এ হান্নান ১৯৭১ সালে রাজাকার ছিলেন। তাঁর সমর্থনে আওয়ামী লীগের প্রার্থিতা প্রত্যাহার ঠিক হয়নি।
‘ময়মনসিংহের কুখ্যাত রাজাকার হান্নান এখন ঢাকার প্রতিষ্ঠিত শিল্পপতি’ শিরোনামে ২০০০ সালের ৩১ ডিসেম্বর দৈনিক জনকণ্ঠ-এ একটি প্রতিবেদন প্রকাশিত হয়। তাতে একাত্তর সালে হান্নানের মুক্তিযুদ্ধবিরোধী বিভিন্ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরা হয়। এম এ হান্নান প্রথম আলোর কাছে এ অভিযোগ অস্বীকার করেন।
অবশ্য দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে এই আসনে আওয়ামী লীগের প্রবীণ নেতা রুহুল আমীন মাদানী স্বতন্ত্র প্রার্থী হওয়ায় এম এ হান্নানকে সাংসদ হওয়ার জন্য ৫ জানুয়ারি ভোটের দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে।
[প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়ে সহায়তা করেছেন প্রথম আলোর সংশ্লিষ্ট জেলার নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিরা]