জাপার ক্যাডারদের বাধায় দরপত্র জমা পড়েনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির (জাপা) ক্যাডারদের বাধার কারণে নারায়ণগঞ্জ শহরের ২ নম্বর রেলগেট এলাকায় অবস্থিত সেবামূলক প্রতিষ্ঠান রহমত উল্লাহ মুসলিম ইনস্টিটিউটের ৪৭টি দোকানের পজিশন বিক্রির দরপত্র ঠিকাদারেরা জমা দিতে পারেননি বলে অভিযোগ উঠেছে।

গতকাল মঙ্গলবার বেলা ১১টা থেকে একটার মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসকের কার্যালয়ে রাখা টেন্ডার বাক্সে ওই দরপত্র জমা দেওয়ার কথা ছিল। তবে কোনো দরপত্র জমা পড়েনি।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, বেলা ১১টা থেকেই জাতীয় পার্টির জেলা কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক সানাউল্লাহর নেতৃত্বে দলের বিপুলসংখ্যক ক্যাডার জেলা প্রশাসকের কার্যালয়ের দ্বিতীয় তলার দুটি সিঁড়ির সামনে অবস্থান নেয়। তারা পর্যায়ক্রমে জমা দিতে আসা ঠিকাদারদের কাছ থেকে দরপত্র ছিনিয়ে নেয়।
তারা ঠিকাদারদের জানায়, আজ (মঙ্গলবার) বিকেলে এ নিয়ে তারা বসবে। সাংসদ (নারায়ণগঞ্জ-৫ আসনের নাসিম ওসমান) সবাইকে একসঙ্গে মিলে কাজ করতে বলেছেন। এ সময় সানাউল্লাহর সঙ্গে দুজন ঠিকাদারের তর্ক তিনি দুজনকেই দেখে নেওয়ার হুমকি দেন। শেষ পর্যন্ত বাধ্য হয়ে সবাই জাতীয় পার্টির ক্যাডারদের কাছে দরপত্র দিয়ে দিতে বাধ্য হন। ফলে টেন্ডার বাক্সে কোনো দরপত্র জমা পড়েনি।
রহমত উল্লাহ মুসলিম ইনস্টিটিউট পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক এম এ আসগর জানান, ইনস্টিটিউটের তৃতীয় তলার নবনির্মিত ৪৭টি দোকানের পজিশন ৯৯ বছরের জন্য বিক্রির জন্য এই দরপত্র আহ্বান করা হয়। এ ব্যাপারে গত ২৯ জানুয়ারি নারায়ণগঞ্জের স্থানীয় দৈনিক দেশের আলোতে ও ৩০ জানুয়ারি দৈনিক সচেতন -এ বিজ্ঞপ্তি দেওয়া হয়। ৩০ জানুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয় ও ইনস্টিটিউটের কার্যালয় থেকে দরপত্র বিক্রি করা হয়।
বিজ্ঞপ্তি দুটি পর্যালোচনা করে দেখা গেছে, সেখানে ১৮ ফেব্রুয়ারি বেলা একটা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ে ও রহমত উল্লাহ মুসলিম ইনস্টিটিউট কার্যালয়ে দরপত্র জমা নেওয়ার কথা। কিন্তু গতকাল টেন্ডার বাক্স শুধু জেলা প্রশাসকের কার্যালয়ে রাখা হয়। বিজ্ঞপ্তিতে দোকানগুলোর ন্যূনতম দর উল্লেখ করা হয়নি। ফলে দোকানগুলো নির্মাণ ব্যয়ের তুলনায় কম মূল্যে বিক্রির সুযোগ রয়ে যায়। এ ছাড়া সকাল কয়টা থেকে দরপত্র জমা নেওয়া শুরু হবে তা-ও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।
জানতে চাইলে এম এ আসগর বলেন, ‘আমরা সব সময় আমাদের এখানে একটি টেন্ডার বাক্স রাখি। কিন্তু পরে জেলা প্রশাসকের কার্যালয় থেকে বলা হয়, টেন্ডার বাক্স জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠিয়ে দিতে। সে অনুযায়ী আমরা সেখানে এটি পাঠিয়ে দিয়েছি।’ টেন্ডার কমিটি ন্যূনতম দর ঠিক করেনি বলে বিজ্ঞপ্তিতে ন্যূনতম দর উল্লেখ করা হয়নি বলে তিনি জানান। মঙ্গলবার বিকেল তিনটায় ইনস্টিটিউটের কর্মকর্তা ও সাংবাদিকদের সামনে টেন্ডার বাক্স খোলা হয়।
টেন্ডার কমিটির আহ্বায়ক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহমুদুর রহমান হাবিব বলেন, ‘কেউ টেন্ডার নিয়ন্ত্রণের কোনো চেষ্টা করেছে বলে আমার জানা নেই।’ তবে কোনো দরপত্র জমা পড়েনি।
অভিযোগের ব্যাপারে জেলা জাতীয় পার্টির সাবেক সাংগঠনিক সম্পাদক সানাউল্লাহর মুঠোফোনে সাংবাদিকদের পক্ষ থেকে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি কাউকে দরপত্র জমা দিতে কোনো বাধা দিইনি। এটি মিথ্যা কথা।’
ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এম এ আসগর বলেন, তাঁরা এখন নতুন করে দরপত্র আহ্বান করবেন।