মারধর ও লাঞ্ছিত করার ঘটনায় নারায়ণগঞ্জে ড্রেজার অধিদপ্তরের এক প্রকৌশলী জাতীয় পার্টির (জাপা) দুই নেতার বিরুদ্ধে লিখিত অভিযোগ দিলেও সেটি মামলা হিসেবে নিচ্ছে না পুলিশ।
অধিদপ্তরের কর্মকর্তাদের অভিযোগ, ওই দুই নেতা নারায়ণগঞ্জ-৫ আসনে জাতীয় পার্টির সাংসদ নাসিম ওসমানের ঘনিষ্ঠ সহযোগী হওয়ায় পুলিশ মামলা নিচ্ছে না।
জাতীয় পার্টির ওই দুই নেতা হলেন ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সম্রাট ট্রেডিংয়ের স্বত্বাধিকারী আবদুল কাদির ও মেসার্স নওশীন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী কুতুবউদ্দিন আহমেদ। দুজনই নারায়ণগঞ্জ মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক কমিটির সদস্য। তাঁদের বিরুদ্ধে গত শুক্রবার সকালে সদর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন নারায়ণগঞ্জ শহরের কিল্লারপুল এলাকায় অবস্থিত ড্রেজার অধিদপ্তরের উপবিভাগীয় প্রকৌশলী পঙ্কজ কান্তি ধর।
অভিযোগে বলা হয়েছে, গত মঙ্গলবার বেলা একটার দিকে দুই নারী শ্রমিককে মেরামত ও উৎপাদন বিভাগ-২-এ চাকরিতে নিয়োগ দেওয়া নিয়ে কুতুবউদ্দিন ও আবদুল কাদির প্রথমে বিভাগীয় দপ্তরের উচ্চমান সহকারী শাহজাহানকে গালাগাল ও শারীরিকভাবে লাঞ্ছিত করে দপ্তর থেকে বের করে দেন। পরে প্রাক্কলনিক সমর কুমার পালের কক্ষে ঢুকে তাঁকেও গালাগাল করতে থাকেন। ওই সময়ে প্রকৌশলী পঙ্কজ কান্তি ধর বিষয়টির প্রতিবাদ জানালে তাঁর দিকে তেড়ে যান কুতুব ও কাদির। গালাগালের প্রতিবাদ জানালে তাঁরা পঙ্কজকে লাঞ্ছিত করেন। শার্টের কলার চেপে কিল-ঘুষি মেরে বাইরে নেওয়ার চেষ্টা করেন। তাঁরা পায়ের স্যান্ডেল খুলে মারতে উদ্যত হন। ওই সময়ে ঘটনাস্থলে উপসহকারী প্রকৌশলী নুরুল হুদা ও কর্মচারী রিপন দে উপস্থিত ছিলেন। পুরো ঘটনা জানতে পেরে তৎক্ষণাৎ দপ্তরে ছুটে আসেন উপপরিচালক মো. ওয়ালিউল্লাহ খান ও সহকারী পরিচালক মো. গোলাম ফারুক।
অভিযোগে আরও বলা হয়, এর আগেও কুতুব ও কাদির ড্রেজার অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ইয়ার হোসেন, নির্বাহী প্রকৌশলী মহারাজ মণ্ডল, সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী বাহাউদ্দিনকে লাঞ্ছিত করেন।
প্রকৌশলী পঙ্কজ কান্তি ধর প্রথম আলোকে বলেন, ‘মঙ্গলবারের ঘটনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তারা থানায় মামলা করার পরামর্শ দিয়েছে। তাই লিখিত অভিযোগ দিয়েছি। পুলিশ মামলা হিসেবে না নিলে আবারও কর্তৃপক্ষকে জানাব।’
মামলা না নেওয়ার কারণ জানতে চাইলে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের গতকাল রাত আটটায় প্রথম আলোকে বলেন, অভিযোগের সত্যতা তদন্ত করা হচ্ছে। অভিযোগকারীরা তাঁদের ওপর হামলার ঘটনায় কোনো চিকিৎসা সনদ দাখিল করেননি। তাই মামলা হিসেবে নেওয়া হয়নি।