সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নারায়ণগঞ্জে শিক্ষক লাঞ্ছনার বিষয়ে বলেছেন, দেশের বিভিন্ন প্রগতিশীল শক্তিসহ অনেকেই শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদ জানিয়ে প্রতিনিয়তই বলছেন যে দেখব প্রধানমন্ত্রী কী করেন? অথচ তাঁরা একটিবারের জন্যও দায়ী ব্যক্তির দল জাতীয় পার্টির (জাপা) নেতাদের সমালোচনা করছেন না।
গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন। জুলিও কুরি-বঙ্গবন্ধু সংসদ নামে একটি সংগঠন এ আলোচনা সভার আয়োজন করে।
ওবায়দুল কাদের বলেন, ‘বাম রাজনীতি আজ ক্ষীয়মাণ নদীর ধারার মতো বহমান। কোনো রকমে টিকে আছে। বারবারই ভাঙনের সুর বাজে। তাদের এই অবস্থার কারণেই সাম্প্রদায়িক উগ্রবাদ বারবার মাথাচাড়া দিয়ে উঠছে।’
ওবায়দুল কাদের আরও বলেন, ‘বঙ্গবন্ধুর সময়ের মতো এখনো একটি চক্রান্তের বুলেট সক্রিয় অবস্থায় আছে। বুলেটটি প্রতিনিয়ত প্রধানমন্ত্রীকে পিছু তাড়া করে ফিরছে। মঞ্চের রাজনীতিতে ব্যর্থ হয়ে নেপথ্যে থেকে এই চক্রান্তে কারা জড়িত তা দেশবাসী জানে।’
আয়োজক সংগঠনের প্রধান উপদেষ্টা মোনায়েম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক আবদুর রাজ্জাকসহ অন্য নেতারা।