জাপার প্রার্থী টিপুর আয় বৃদ্ধি ২০ গুণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহাজোটের প্রার্থী হিসেবে ২০০৮ সালে সাংসদ নির্বাচিত হন জাতীয় পার্টির (জাপা) সভাপতিমণ্ডলীর সদস্য গোলাম কিবরিয়া ওরফে টিপু। এবারও তিনি বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসন থেকে জাপার প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন কমিশনে দেওয়া তাঁর হলফনামা অনুযায়ী, সাড়ে চার বছরে তিনি ২০ গুণ অর্থবিত্তের মালিক হয়েছেন।
হলফনামায় গোলাম কিবরিয়ার বার্ষিক আয় দেখানো হয়েছে এক কোটি ৮৫ লাখ ৫৪ হাজার ১০৭ টাকা। নগদ এক কোটি ৯২ লাখ ২৬ হাজার ৫৯৫ টাকা এবং ব্যাংকে জমা আছে এক কোটি ৬৭ লাখ ৬৬ হাজার ২৮৮ টাকা। যাত্রীবাহী লঞ্চের মূল্য দেখিয়েছেন দুই কোটি ৯১ লাখ ৮৩ হাজার ৪৯৬ টাকা।
২০০৮ সালের হলফনামায় কিবরিয়া বার্ষিক আয় দেখিয়েছেন ২২ লাখ ২১ হাজার ৯৬০ টাকা। বার্ষিক আয়ের অর্থই ছিল তখন তাঁর নগদ অর্থ। সে সময় তাঁর কৃষিজমি ছিল এক লাখ টাকার এবং অকৃষিজমির মূল্য দেখিয়েছেন ছয় লাখ টাকার। এবার তাঁর বার্ষিক আয় বেড়েছে এক কোটি ৬৩ লাখ ৩২ হাজার ১৪৭ টাকা।
গোলাম কিবরিয়া প্রথম আলোকে বলেন, ‘২০০৮ সালে আমার জাহাজ নির্মাণপ্রতিষ্ঠান থাকলেও তখন নির্মাণকাজ চলছিল। তখন ওই প্রতিষ্ঠান থেকে আয় হয়নি। তাই আয় কম দেখানো হয়েছে। বর্তমানে আমার লঞ্চ ব্যবসা থাকলেও দুটি জাহাজ নির্মাণপ্রতিষ্ঠানই আয়ের মূল উৎস। তবে আয় করলেও ব্যাংকে আমার দেনার পরিমাণও কম নয়।’