জাপার প্রার্থী বঙ্গবন্ধু পরিষদের নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে এরশাদ এবার বদরগঞ্জ উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আসাদুজ্জামান চৌধুরী ওরফে সাবলু চৌধুরীকে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন। এ ঘটনায় বদরগঞ্জ ও তারাগঞ্জ উপজেলা জাতীয় পার্টির (জাপা) নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।
গত শুক্রবার সারা দেশে দলীয় মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করে জাপা। দলীয় সূত্রে জানা গেছে, রংপুর-২ আসনে ২০০১ সালের সংসদ নির্বাচনে এলাকার জাপার ত্যাগী নেতা মোহামঞ্চদ আলী সরকার আওয়ামী লীগের প্রার্থী সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী প্রয়াত আনিছুল হক চৌধুরীকে পরাজিত করে জয়লাভ করেন। ২০০৮ সালের নির্বাচনে এরশাদ মোহামঞ্চদ আলী সরকারকে বা জাপার স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে কাউকে মনোনয়ন না দিয়ে যুক্তরাষ্ট্রপ্রবাসী আনিছুল ইসলাম মণ্ডলকে দলীয় মনোনয়ন দেন। এ নিয়ে তখন জাপার নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হলেও পরে নেতা-কর্মীদের একাংশ তা মেনে নেয়। এবারও তিনি দলীয় কাউকে মনোনয়ন না দিয়ে কখনো দল করেননি এমন একজনকে মনোনয়ন দিয়েছেন।
বদরগঞ্জ উপজেলা জাপার সদস্য মাসুদ রানা সরকার বলেন, ‘আসাদুজ্জামান চৌধুরী আওয়ামী লীগ করেন। কখনো জাতীয় পার্টি করেননি, বরং এরশাদের বিরোধিতা করতেন। তিনি বদরগঞ্জ উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতির দায়িত্বে এখনো আছেন। তাঁকে কীভাবে, কিসের বিনিময়ে এরশাদ মনোনয়ন দিলেন, তা আমাদের কাছে বোধগম্য নয়।’
তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জাপার সভাপতি আফজাল হোসেন বলেন, ‘এরশাদ জাতীয় পার্টির কাকো (কাউকে) মনোনয়ন না দিয়া হামাক ত্যাগ করছে। তাই মুইও জেবনতক এরশাদোক ত্যাগ করনু।’
ইকরচালী ইউনি ন কমিটির সদস্য আবদুস ছালাম ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এরশাদের এ রকম হঠকারী সিদ্ধান্ত আমরা মানব না। আমরা চাই এরশাদ হয় সিদ্ধান্ত পরিবর্তন করবেন, নয়তো আমরা আমাদের মতো করে সিদ্ধান্ত নেব।’
বদরগঞ্জ পৌর জাপার সভাপতি আবদুর রাজ্জাক বলেন, জাতীয় পার্টির নেতা-কর্মীদের প্রতি এরশাদের কি আস্থা নেই? তাহলে দলের লোকজনদের বাদ দিয়ে অন্য দলের লোককে কেন মনোনয়ন দিলেন?’ আসাদুজ্জামান চৌধুরী বলেন, ‘আমি কখনো জাতীয় পার্টি করিনি। তবে এখন থেকে করব।’
রংপুর-২ আসনের জাতীয় পার্টির সাংসদ আনিছুল ইসলাম মণ্ডল বলেন, ‘আমার আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে অন্য দলের আসাদুজ্জামান চৌধুরীর নাম ঘোষণা করার পর থেকে জাপার নেতা-কর্মী ও সমর্থকেরা হতাশায় ভুগছেন এবং কান্নাকাটি করছেন। আশা করছি, স্যার দল ও নেতা-কর্মীদের দিকে চেয়ে প্রার্থী মনোনয়নে সিদ্ধান্ত পরিবর্তন করবেন।’