জাপার মন্ত্রীদের পদত্যাগপত্র এরশাদের কাছে: রুহুল আমিন

নির্বাচনকালীন সরকারের মন্ত্রী হিসেবে যোগ দেওয়া জাতীয় পার্টির জি এম কাদের, রুহুল আমিন হাওলাদার, মুজিবুল হক চুন্নু ও সালমা ইসলাম দলের চেয়ারম্যান এইচ এম এরশাদের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদার এ কথা জানান। এইচ এম এরশাদের বাসভবন প্রেসিডেন্ট পার্কে এ সংবাদ সম্মেলনে রুহুল আমিন হাওলাদার বলেন, ‘গতকাল পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ আমাদের অবিলম্বে পদত্যাগ করতে বলেছিলেন। তিনি এ নিয়ে দলের সবার সঙ্গে আলোচনা করেছেন। মহামান্য রাষ্ট্রপতি বিদেশ থেকে ফিরলে দলের চেয়ারম্যান আমাদের পদত্যাগপত্র তাঁর কাছে জমা দেবেন।’
তবে বাণিজ্যমন্ত্রী জি এম কাদেরের পদত্যাগপত্র এরশাদের কাছে জমা দেওয়া হয়েছে—রুহুল আমিন হাওলাদার এমন দাবি করলেও সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে জি এম কাদের পতাকাবাহী গাড়িতে প্রেসিডেন্ট পার্কে যান। এরপর সন্ধ্যা সাতটার দিকে বাসা থেকে বের হওয়ার সময় জি এম কাদের সাংবাদিকদের বলেন, ‘তিনি এখন তার পদত্যাগপত্র এরশাদের কাছে জমা দিয়েছেন।’
রুহুল আমিন হাওলাদার বলেন, ‘নির্বাচনকালীন সরকারের মন্ত্রী সাবেক ফার্স্ট লেডি রওশন এরশাদ কিছুক্ষণের মধ্যে এখানে এসে পদত্যাগপত্র জমা দেবেন। আমাদের বাকি দুজনও (পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ ও প্রধানমন্ত্রীর শিক্ষা ও নারী উন্নয়নবিষয়ক উপদেষ্টা জিয়াউদ্দিন বাবলু) এরশাদ সাহেবের কাছে পদত্যাগপত্র জমা দেবেন।’ জাতীয় পার্টির মহাসচিব আরও বলেন, ‘জাতীয় পার্টি চায় দেশে সুষ্ঠু নির্বাচন হোক। আমরা রক্তাক্ততা দেখতে চাই না।’
এর আগে দুপুরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রুহুল আমিন হাওলাদার, স্বাস্থ্যমন্ত্রী রওশন এরশাদ এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু প্রধানমন্ত্রীর কার্যালয় যান। সেখানে প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র না দিয়ে তাঁরা চলে যান।
গতকাল এরশাদ নির্বাচনকালীন ‘সর্বদলীয়’ সরকার ছাড়ার ঘোষণা দিয়ে নিজ দলের সব মন্ত্রী-উপদেষ্টাকে পদত্যাগ করার নির্দেশ দেন। এ অবস্থায় তিন মন্ত্রীর প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাওয়ায় ধারণা করা হয়েছিল, তাঁরা পদত্যাগপত্র জমা দিতে গেছেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ওই তিন মন্ত্রী সরাসরি বারিধারায় এরশাদের বাসভবন প্রেসিডেন্ট পার্কে যান। এর পরই রুহুল আমিন হাওলাদার সংবাদ ব্রিফিং করলেন।
আজও নিরাপত্তা জোরদার
জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের বারিধারার বাসভবনের চারপাশে আজ বিকেলের দিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যেদের উপস্থিতি বাড়ানো হয়েছে। সকাল থেকে র্যাব-পুলিশের উপস্থিতি কম থাকলেও সন্ধ্যার দিকে তা বাড়ানো হয়।
এদিকে ঘটনাস্থলে উপস্থিত আমাদের নিজস্ব প্রতিবেদক জানান, সন্ধ্যার দিকে যমুনা গ্রুপের প্রধান নুরুল ইসলাম বাবুল বারিধারায় এরশাদের বাসভবন থেকে বের হচ্ছিলেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নুরুল ইসলাম বাবুলকে একটি গাড়িতে ওঠানোর চেষ্টা করেন। তখন জাতীয় পার্টির নেতা-কর্মীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বাধা দেন এবং তাঁকে এরশাদের বাসভবনের ভেতরে নিয়ে যান।