জাপার মন্ত্রীরা আছেন আবার নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েক দফায় পদত্যাগ করার ঘোষণা দেওয়া হলেও নির্বাচনকালীন সরকারে থাকা জাতীয় পার্টির (জাপা) কোনো মন্ত্রী-প্রতিমন্ত্রী-উপদেষ্টার পদত্যাগপত্র এখনো মন্ত্রিপরিষদ বিভাগে পৌঁছায়নি।
জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, ‘আমাদের কাছে জাতীয় পার্টির কোনো মন্ত্রী-প্রতিমন্ত্রী-উপদেষ্টার পদত্যাগপত্র আসেনি। তাঁদের পদত্যাগের প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত আমরা ধরে নেব, তাঁরা মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবেই আছেন।’
আর, পরিবহন কমিশনার রিয়াজ আহমেদ প্রথম আলোকে বলেন, গত বৃহস্পতিবার পর্যন্ত জাপার ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী তাঁদের জন্য বরাদ্দ করা গাড়ি সরকারি পরিবহন পুলে আনুষ্ঠানিকভাবে ফেরত দেননি।
তবে বাণিজ্যমন্ত্রীর দায়িত্বে থাকা জাপার সভাপতিমণ্ডলীর সদস্য জি এম কাদের গত শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, পদত্যাগের পর থেকে তিনি আর মন্ত্রীর দায়িত্বে নেই। গাড়িতে পতাকা ব্যবহার করেন না। সরকারি সুবিধা নেন না। তিনি গতকাল প্রথম আলোকে বলেন, তিনি তাঁর বাড়ির পতাকাও নামাতে বলেছেন। কিন্তু সরকারি গেজেট প্রকাশ না হওয়ায় পুলিশের দায়িত্বরত সদস্যরা তা নামাননি। একই কারণে চলে যেতে বলার পরও সরকারি গানম্যান ও পুলিশ বলছেন, সরকারিভাবে তাঁর দায়িত্ব এখানে থাকায় যেতে পারছেন না।
১৮ নভেম্বর নির্বাচনকালীন সরকারে যোগ দেন জাপার এসব মন্ত্রী-প্রতিমন্ত্রীরা। এরপর ৩ ডিসেম্বর নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন জাপার চেয়ারম্যান এইচ এম এরশাদ। ৪ ডিসেম্বর তাঁর দলের মন্ত্রী-প্রতিমন্ত্রীরা পদত্যাগ করবেন বলেও ঘোষণা দেন। এরপর এরশাদ জানান, তাঁর দলের মহাসচিব প্রধানমন্ত্রীর কাছে সময় চেয়েও পাননি। তাই দলের সব মন্ত্রী-প্রতিমন্ত্রীর পদত্যাগপত্র ডাকযোগে পাঠিয়েছেন। একই কথা জাপার মহাসচিব ও বিমানমন্ত্রী রুহুল আমিন হাওলাদার তখন একাধিকবার সাংবাদিকদের বলেছেন। ৮ ডিসেম্বর জাপার মন্ত্রীরা গণমাধ্যমে আনুষ্ঠানিকভাবে জানান, তাঁরা সবাই পদত্যাগ করেছেন। কিন্তু সরকার এখন পর্যন্ত পদত্যাগপত্র পাওয়া না-পাওয়ার ব্যাপারে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি। ফলে জাপার মন্ত্রীদের পদত্যাগ নিয়ে ‘নাটক’ এখনো শেষ হয়নি।
অবশ্য, জাপা থেকে নির্বাচনকালীন সরকারে থাকা ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী ৫ ডিসেম্বর থেকেই সচিবালয়ে যাচ্ছেন না। মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে বা সরকারি কোনো অনুষ্ঠানেও যোগ দেননি। শুধু পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ ১৫ ডিসেম্বর আইনশৃঙ্খলাবিষয়ক মন্ত্রিসভা কমিটির বিশেষ বৈঠকে যোগ দিতে কিছুক্ষণের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়েছিলেন।
মন্ত্রিপরিষদ বিভাগ ও পরিবহন পুলের কর্মকর্তারা বলছেন, এসব মন্ত্রী-প্রতিমন্ত্রীকে দেওয়া সব সুযোগ-সুবিধাই অব্যাহত রয়েছে। তাঁদের সবার নামেই সরকারের পরিবহন পুল থেকে গাড়ি বরাদ্দ দেওয়া হয়েছে। তাঁদের একান্ত সচিব, সহকারী একান্ত সচিবসহ অন্য কর্মকর্তারা বহাল আছেন। দপ্তরের সামনে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের নামফলকও রয়েছে আগের মতো।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানায়, এসব মন্ত্রীর পদত্যাগ করা না-করার বিষয়টি সুরাহা না হওয়ায় তাঁদের অনুপস্থিতির কারণে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে অচলাবস্থা চলছে। সরকারি কার্যবিধি অনুযায়ী, কোনো মন্ত্রণালয়ের মন্ত্রী-প্রতিমন্ত্রী না থাকলে সেই মন্ত্রণালয়ের দায়িত্ব প্রধানমন্ত্রীর হাতে থাকে। কিন্তু এ ক্ষেত্রে তা-ও সম্ভব হচ্ছে না।
এদিকে সর্বশেষ গত শুক্রবারও জি এম কাদের সংবাদ সম্মেলন করে বলেছেন, পদত্যাগ করার পর থেকে জাপার কেউ এখন আর মন্ত্রী-প্রতিমন্ত্রীর পদে নেই। কিন্তু এর বিপরীত কথা বলেছেন একই দলের নেতা এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু। তিনি গতকাল প্রথম আলোকে বলেন, ‘পদত্যাগপত্র যতক্ষণ গৃহীত না হবে, ততক্ষণ আমাদের মন্ত্রিত্ব আছে। আমরা তো আর পদত্যাগপত্র প্রধানমন্ত্রীকে দিইনি, দিয়েছি পার্টির চেয়ারম্যানকে। তিনি আমাদের পদত্যাগপত্র পাঠিয়েছেন কি না বা প্রধানমন্ত্রী পেয়েছেন কি না, তা কেউই জানে না।’
জি এম কাদেরের বক্তব্য স্মরণ করিয়ে দিলে মুজিবুল হক বলেন, শুধু জি এম কাদেরই বলেছেন, তিনি মন্ত্রী নেই। আর জি এম কাদের পাঁচ বছর মন্ত্রী ছিলেন। তিনি কি জানেন না, কীভাবে পদত্যাগপত্র গৃহীত হয়?
এ বিষয়ে বক্তব্য জানতে জাপার অন্য মন্ত্রীদের সঙ্গেও টেলিফোনে যোগাযোগ করা হয়। কয়েকজন ফোন ধরেননি, কেউ কেউ এ বিষয়ে কথা বলতে রাজি হননি।