জাপার মাঈদুলকে ক্ষমা চাইতে বললেন পাট প্রতিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদে বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) সাংসদ এ কে এম মাঈদুল ইসলাম সংসদে অসত্য তথ্য দিয়েছেন দাবি করে তাঁকে ক্ষমা চাইতে বলেছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম।
গতকাল বুধবার মাঈদুল ইসলাম প্রশ্ন করতে গিয়ে বলেন, পাটকলগুলো একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে। এগুলো রক্ষায় কি ব্যবস্থা নেওয়া হচ্ছে?
জবাবে মির্জা আজম বলেন, সংসদ সদস্য অসত্য তথ্য উপস্থাপন করেছেন। ওনারা ক্ষমতায় থাকাকালে পাটকে ধ্বংস করেছেন। পাটকে বেসরকারীকরণের নামে সব পাটকল বিক্রি করে দেওয়া হয়। পাটের ঐতিহ্য ফিরে এসেছে এটা ওনার পছন্দ হয় না। চোখে দেখেন না মন্তব্য করে তিনি সাংসদের উদ্দেশে বলেন, ‘এই অসত্য তথ্য উপস্থাপনের জন্য জাতির কাছে ক্ষমাপ্রার্থনা করুন।’
এরপর সম্পূরক প্রশ্নে জাপার জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, জাতীয় পার্টি ক্ষমতায় থাকাকালে পাটের বিকাশে চেষ্টা করেছে। এইচ এম এরশাদের সময় পাট রপ্তানি বেড়েছিল। বিএনপির সময়েই পাটশিল্প ধ্বংস করেছে। এসব তথ্য মন্ত্রণালয়ে আছে।
প্রতিমন্ত্রী বলেন, ‘ওই সাংসদ জাতীয় পার্টির সদস্য হিসেবে বলেছেন। যিনি অসত্য তথ্য উপস্থাপন করেছেন তিনিও একসময় বিএনপির মন্ত্রী হিসেবে পাট মন্ত্রণালয়ে ছিলেন।’
এক প্রশ্নের জবাবে জবাবে বস্ত্র ও পাটমন্ত্রী ইমাজ উদ্দিন প্রামাণিক জানান, ১১৮টি দেশে পাটপণ্য রপ্তানি করা হয়।
মন্ত্রীর অনুপস্থিতিতে প্রতিমন্ত্রী মির্জা আজম প্রশ্নের জবাব দেন। সংরক্ষিত মহিলা আসনের সাংসদ বেগম লুৎফা তাহেরের প্রশ্নের জবাবে জানানো হয়, পাটের অভ্যন্তরীণ ব্যবহার বাড়ছে এবং কাঁচা পাটের চাহিদা ও মূল্য বাড়ছে।