জাপার মুখপাত্র জি এম কাদের, রুহুল আমিন হাওলাদার
জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ তাঁর দলীয় মুখপাত্র হিসেবে পার্টির প্রেসিডিয়াম সদস্য জি এম কাদের এবং মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারকে দায়িত্ব দিয়েছেন। আজ সোমবার জাতীয় পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এখন থেকে দলের চেয়ারম্যান এরশাদের সব নির্দেশনা এবং দলীয় সিদ্ধান্তের কথা বলবেন জি এম কাদের ও রুহুল আমিন হাওলাদার। অন্য কেউ পার্টির চেয়ারম্যান বা দলীয় মুখপাত্র হিসেবে পরিচয় দিয়ে পার্টির পক্ষে নীতিনির্ধারণী বিবৃতি বা বক্তব্য প্রদান করতে পারবেন না বলে পার্টি চেয়ারম্যান এরশাদ এক সাংগঠনিক নির্দেশে জানিয়ে দিয়েছেন। এটা জাতীয় পার্টি এবং পার্টির সংসদীয় দল—এই উভয় ক্ষেত্রে প্রযোজ্য হবে বলে জানানো হয়েছে।
গত ১২ ডিসেম্বর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ‘চিকিত্সা’র জন্য সম্মিলিত সামরিক হাসপাতালে এরশাদকে নিয়ে যাওয়ার পর অনেকেই নিজেকে দলের মুখপাত্র হিসেবে দাবি করেন। তখনো এ রকম একটি চিঠি গণমাধ্যমের হাতে এসেছিল।