জাপার সঙ্গে সমঝোতার লেশমাত্র নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের এক বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বিএনপি বলেছে, স্বৈরাচারী এরশাদের জাতীয় পার্টির (জাপা) সঙ্গে বিএনপির আদর্শগত কোনো ঐক্য বা নির্বাচনী সমঝোতার লেশমাত্র নেই। অতীতেও ছিল না। বরং আওয়ামী লীগই বারবার ‘ধিক্কৃত স্বৈরাচারের’ কাঁধে ভর করে ক্ষমতায় গিয়েছে।
গতকাল শনিবার এক বিবৃতিতে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ এসব কথা বলেন।
গত শুক্রবার এক অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছিলেন, উপজেলা নির্বাচনে জাতীয় পার্টিও হয়তো বিএনপির সঙ্গে ছিল।
বাণিজ্যমন্ত্রীর এই বক্তব্যকে ‘মিথ্যার বেসাতি ও ভাঁওতাবাজি’ বলে দাবি করেন সালাহ উদ্দিন আহমেদ। তিনি দাবি করেন, উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু ও অবাধ হলে বিএনপি ও ১৯-দলীয় জোট-সমর্থিত প্রার্থীরা শতকরা ৯৫ ভাগ উপজেলায় জয়লাভ করতেন।