জাপার সাংগঠনিক সফর কর্মসূচি আজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী সংসদ নির্বাচন সামনে রেখে এইচ এম এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি (জাপা) সারা দেশে জেলাভিত্তিক সভা ও মাসব্যাপী সাংগঠনিক সফর কর্মসূচি ঠিক করেছে। আজ বৃহস্পতিবার থেকে এ কর্মসূচি শুরু হয়ে আগামী ২৯ জুন শেষ হবে।গতকাল বুধবার জাপার সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলের মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারের নেতৃত্বে সাংগঠনিক সফরের জন্য এলাকাভিত্তিক পৃথক দল গঠন করা হয়েছে। এতে জাপার জ্যেষ্ঠ নেতা ও সভাপতিমণ্ডলীর সদস্যরা থাকবেন।সূচি অনুযায়ী, আজ সকালে মাদারীপুর, শরীয়তপুর ও গোপালগঞ্জ জেলা কমিটির যৌথ সভা শেষে বিকেলে বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর ও ভোলা জেলা কমিটির সভা হবে। এ ছাড়া পর্যায়ক্রমে আগামীকাল পটুয়াখালী, ৭ জুন কুমিল্লা, ১০ জুন কিশোরগঞ্জ, ১১ জুন যশোর, ১২ জুন কুষ্টিয়া ও রাজশাহী, ১৩ জুন দিনাজপুর ও বগুড়া, ১৫ জুন টাঙ্গাইল, ১৭ জুন সিলেট, ১৮ জুন হবিগঞ্জ, ২১ জুন ফেনী, ২২ জুন চট্টগ্রাম ও ২৯ জুন রাজধানীর বনানী মাঠে ঢাকা মহানগরসহ নারায়ণগঞ্জ, নরসিংদী, গাজীপুর, মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জ জেলার সভা হবে। রুহুল আমিন হাওলাদার জানান, নির্বাচনের আগে জাতীয় পার্টিকে সংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে এ কর্মসূচি নেওয়া হয়েছে।