জাপার সাংসদ নাসিম ওসমানের ইন্তেকাল

নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের সাংসদ ও জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য এ কে এম নাসিম ওসমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। আজ বুধবার ভোরে ভারতের দেরাদুনের একটি হাসপাতালে মারা যান তিনি। তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর।
প্রয়াত এই সাংসদের ভাই নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের সাংসদ এ কে এম শামীম ওসমান। তাঁর বরাতে বার্তা সংস্থা বাসস জানায়, চিকিত্সার জন্য ১৮ এপ্রিল ভারত যান নাসিম ওসমান। দিল্লিতে স্বাস্থ্য পরীক্ষার পর পর তিনি দেরাদুন সফরে যান। দেরাদুনে অবস্থানকালে হূদরোগে আক্রান্ত হওয়ার পর তাঁকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। আজ ভোর চারটা ১৬ মিনিটে ওই হাসপাতালে মারা যান তিনি।
নাসিম ওসমানের মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
১৯৮৬, ১৯৮৮, ২০০৮ ও ২০১৪ সালে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সাংসদ হন নাসিম ওসমান। তাঁর বাবা এ কে এম সামসুজ্জোহা ১৯৭০ ও ১৯৭৩ সালে একই আসনের আওয়ামী লীগের সাংসদ ছিলেন।
নাসিম ওসমানের স্ত্রী পারভীন আক্তার। ছেলে আজমেরী ওসমান, মেয়ে আইরিন ও আফরিন ওসমান। তাঁর অপর ভাই এ কে এম সেলিম ওসমান নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ও বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি।
নাসিম ওসমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী প্রমুখ।