জাপার সাংসদ হান্নান ও তাঁর ছেলে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল বৃহস্পতিবার জাতীয় পার্টির (জাপা) সাংসদ এম এ হান্নানকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই মামলায় ঢাকা থেকে তাঁর ছেলে ও ময়মনসিংহ থেকে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এম এ হান্নান ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সাংসদ। সাংসদ থাকা অবস্থায় কাউকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তারের এটি দ্বিতীয় ঘটনা। এর আগে ২০১০ সালে সাংসদ থাকা অবস্থায় মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার হয়েছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী। এম এ হান্নান গত বছরের ৫ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী রুহুল আমিন মাদানীকে হারিয়ে নির্বাচিত হন। আওয়ামী লীগের নেতা মাদানী দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হন। আসন ভাগাভাগির অংশ হিসেবে আসনটি জাপাকে ছেড়ে দিয়েছিল আওয়ামী লীগ।
বনানী থানার পুলিশ বলেছে, গতকাল বেলা সাড়ে তিনটার দিকে গুলশানের ৩৬ নম্বর সড়কের বাসা থেকে এম এ হান্নানকে গ্রেপ্তার করে পুলিশ। একই সময় তাঁর ছেলে রফিক সাজ্জাদকে গুলশান এলাকায় তাঁর কার্যালয় থেকে গ্রেপ্তার করা হয়। ইতালীয় নাগরিক সিজার তাবেলা হত্যার তদন্ত ও আনুষঙ্গিক নিরাপত্তা নিয়ে গুলশান থানার পুলিশ ব্যস্ত থাকায় বনানী থানার পুলিশকে এই গ্রেপ্তারের জন্য ডাকা হয়।
ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের সহকারী কমিশনার রফিকুল ইসলাম বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানাবলে এ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ১৯ মে ময়মনসিংহের আদালতে শহীদ মুক্তিযোদ্ধা আবদুর রহমানের স্ত্রী রহিমা খাতুন মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এম এ হান্নানসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠান।
মামলার আরজিতে বলা হয়েছে, ১৯৭১ সালের অক্টোবরে ত্রিশালের বৈলর মুন্সীপাড়া গ্রামের মুক্তিযোদ্ধা আবদুর রহমানকে গৌরীপুর উপজেলা থেকে শান্তি কমিটির নেতা এম এ হান্নান এবং তাঁর সহযোগীরা ধরে নিয়ে যায়। আবদুর রহমানকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানি বাহিনীর ক্যাম্পে আটকে রেখে নির্যাতনের পর হত্যা করা হয়।
গাড়ি দুর্ঘটনার কবলে, হরমুজ আলী আহত: ময়মনসিংহ অফিস জানায়, গতকাল ময়মনসিংহের কোতোয়ালি ও ত্রিশাল থানার পুলিশ একই মামলায় আরও তিনজনকে গ্রেপ্তার করে। এঁরা হলেন হরমুজ আলী, মিজানুর রহমান ও গোলাম সাব্বির। মিজানুর ও সাব্বিরের বাড়ি ত্রিশালে হলেও তাঁরা ময়মনসিংহ শহরে থাকেন।
পুলিশ জানায়, গতকাল বিকেল চারটায় ত্রিশাল উপজেলার বৈলর এলাকার একটি বাড়ি থেকে হরমুজ আলীকে গ্রেপ্তার করে ত্রিশাল থানার পুলিশ। পরে হরমুজ আলীকে ময়মনসিংহ শহরে নিয়ে আসার জন্য পুলিশের গাড়িতে ওঠানো হয়। পথে বৈলর মোড় এলাকায় পৌঁছালে পুলিশের গাড়ির সঙ্গে একটি টেম্পোর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে টেম্পোচালক আবদুল ওয়াহাব, হরমুজ আলী (৬৯) ও ত্রিশাল থানার এসআই আবদুল হাই (৩৫) আহত হন। তাঁদের তিনজনকেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাত সাড়ে আটটার দিকে গুরুতর আহত আবদুল ওয়াহাব মারা যান। হরমুজ আলী হাসপাতালে চিকিৎসাধীন।