জাপার সাংসদকে বহিষ্কারের ঘোষণায় মিশ্র প্রতিক্রিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা-৪ (শ্যামনগর ও কালীগঞ্জের একাংশ) আসনের জাতীয় পার্টির (জাপা) সাংসদ এইচ এম গোলাম রেজাকে দল থেকে বহিষ্কারের ঘোষণায় তাঁর নির্বাচনী এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এ ঘোষণায় অনেকে আনন্দ মিছিল করেছে। অন্যদিকে রেজার সমর্থকেরা জাতীয় পার্টির চেয়ারম্যানের এমন সিদ্ধান্তে আশাহত হয়েছে।এদিকে গোলাম রেজাকে দল থেকে বহিষ্কার করায় আসনটি শূন্য ঘোষণা হতে পারে, এমন ধারণায় এলাকাজুড়ে নির্বাচনী আমেজ তৈরি হয়েছে। রেজাকে দল থেকে বহিষ্কারের বিষয়টি গত কয়েক দিন ধরে চায়ের দোকান থেকে অফিসপাড়ার প্রধান আলোচ্য বিষয় হয়ে উঠেছে।শনিবার জাতীয় পার্টি থেকে রেজাকে বহিষ্কারের ঘোষণা এলাকায় পৌঁছাতেই শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সফিউল আযমের নেতৃত্বে আওয়ামী লীগের বেশ কিছু নেতা-কর্মী রাস্তায় নেমে উল্লাসসহ তাঁর কুশপুত্তলিকায় অগ্নিসংযোগ করেন।মুন্সিগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অসীম মৃধা দাবি করেন, রেজাকে বহিষ্কারের সিদ্ধান্তে গোটা এলাকার মানুষের মধ্যে আনন্দের জোয়ার বইছে। শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সফিউল আযম জানান, সাধারণ মানুষ গোলাম রেজার ওপর খুব ক্ষুব্ধ। গোলাম রেজার সংসদীয় আসনের জনগণ পার্টির চেয়ারম্যানের এ সিদ্ধান্তে খুশি।জাতীয় পার্টি শ্যামনগর শাখার সাধারণ সম্পাদক হাফেজ আবদুর রশিদ জানান, এটা একটা রাজনৈতিক ষড়যন্ত্র। ভুল বোঝাবুঝির কারণে এমন ঘটনা ঘটেছে। তবে ব্যবসায়ী আনিছুজ্জামান মনে করেন, অবিলম্বে এইচ এম এরশাদ তাঁর বহিষ্কারাদেশ প্রত্যাহার করবেন।সাংসদ এইচ এম গোলাম রেজা জাতীয় পার্টির চেয়ারম্যানের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, তিনি এলাকার মানুষের সঙ্গে ছিলেন ও আছেন। প্রতিপক্ষ একটি রাজনৈতিক মহল তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তিনি এখন স্বতন্ত্র সাংসদ। নিজের মতো করে কাজ করতে পারবেন।