জাপার সাংসদের দুই ভাইসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে জাতীয় পার্টির (জাপা) দুই পক্ষের সংঘর্ষে সার্কিট হাউসের ফটকসহ দরজা-জানালা ভাঙচুর করার ঘটনায় সিলেট-২ (বিশ্বনাথ-বালাগঞ্জ) আসনের সাংসদ ইয়াহইয়া চৌধুরীর দুই ভাইসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। সিলেট সার্কিট হাউসের নাজির ফজলুল হক বাদী হয়ে গত বুধবার মধ্যরাতে মামলাটি দায়ের করেন।
থানা-পুলিশ জানায়, সংঘর্ষে ঘটনাস্থল থেকে আটক ১৮ জনের মধ্যে আটজনকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে। বাকি ১০ জনকে বুধবার রাতেই ছেড়ে দেওয়া হয়। মামলায় নাম উল্লেখ করা ১৩ আসামির মধ্যে সাংসদের ছোট ভাই আল রাজী চৌধুরী ও সালমান চৌধুরী রয়েছেন। এ দুজনকে পলাতক দেখিয়ে আটজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
গতকাল বিকেলে যোগাযোগ করলে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. রহমত উল্লাহ সাংসদের দুই ভাইকে আসামি করার সত্যতা নিশ্চিত করেছেন।
বুধবার সিলেট জেলা জাপার ইফতার মাহফিলের পর সার্কিট হাউসে জাপার কেন্দ্রীয় মহাসচিব জিয়াউদ্দিন বাবলুর সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।