জাপার সাবেক সাংসদসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জাতীয় পার্টির (জাপা) সাবেক সাংসদ আনিসুর রহমান মানিকসহ পাঁচজনের বিরুদ্ধে আজ রোববার মামলা হয়েছে।
ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার বারইগাঁও গ্রামের হাফিজ উদ্দিন বাদী হয়ে দুপুরে ময়মনসিংহের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদলতে মামলাটি দায়ের করেন। এ সময় আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেন।
অন্য আসামিরা হলেন, শামছুল হক ফকির ও তাঁর ভাই সুলতান আহাম্মদ ফকির, সাইদুর রহমান ও মোখলেছুর রহমান। প্রত্যেকের বাড়ি ত্রিশাল উপজেলায়। আনিছুর রহমান মানিক এরশাদের শাসনামলে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে জাপার সাংসদ ছিলেন।
মামলার আরজিতে বলা হয়, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে স্থানীয় রাজাকার বাহিনীর কমান্ডার আনিসুর রহমান মানিকের নেতৃত্বে অন্য আসামিরা আবদুল হামিদ নামে একজন মুক্তিযোদ্ধাকে বাড়ি থেকে ধরে ক্যাম্পে নিয়ে অমানুষিক নির্যাতনের পর গুলি করে হত্যা করে। একই সময় তারা নগেন্দ্রনাথসহ হিন্দু সম্প্রদায়ের বেশ কয়েকজনকে হত্যা করে স্থানীয় আহমেদাবাদ হাইস্কুল মাঠের পাশে গণকবর দেয়।
এ ছাড়াও আসামিরা মামলার বাদী হাফিজ উদ্দিনসহ বহু মানুষের বাড়িতে লুটতরাজ ও অগ্নিসংযোগ এবং হিন্দু সম্প্রদায়ের লোকজনকে জোর করে ধর্মান্তরিত করেন বলে আরজিতে অভিযোগ করা হয়।
বাদী পক্ষের আইনজীবী পীযূষ কান্তি সরকার বলেন, মামলায় ১৬ জনকে সাক্ষী হিসেবে দেখানো হয়েছে। বিচারক বাদীর জবানবন্দি নিয়েছেন। আদালত বলেছেন, এ ব্যাপারে পরবর্তীতে আদেশ দেওয়া হবে।
এর আগে চলতি বছরের ১৯ মে একই আসনে জাপার বর্তমান সাংসদ এম এ হান্নানসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ময়মনসিংহের বিচারিক আদালতে মামলা হয়। মামলার তদন্ত শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আদেশে ১ অক্টোবর সাংসদ হান্নানসহ পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ।
আরও পড়ুন: