জাপার সাবেক সাংসদসহ ১২ জনের নামে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহে জাতীয় পার্টির সাবেক সাংসদ আনিসুর রহমান মানিকসহ ১২ জনের বিরুদ্ধে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলা হয়েছে। মুক্তিযুদ্ধে শহীদ ইউনুছ আলীর ছেলে রুহুল আমিন গতকাল সোমবার ময়মনসিংহের বিচারিক আদালতে মামলাটি করেন।
বিচারিক আদালতের হাকিম আবেদা সুলতানা মামলাটি আমলে নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানোর নির্দেশ দিয়েছেন। আদালত পরিদর্শক নওজেশ আলী বলেন, ট্রাইব্যুনালই মামলাটির তদন্ত করবেন।
মামলার আসামিরা হলেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সাবেক সাংসদ আনিসুর রহমান, মোখলেছুর রহমান, শামসুল হক, শামছুল হক ফকির, নুরুল হক ফকির, সুলতান ফকির, মানিক মুন্সী, খাদেম, আবদুল করিম, মোফাজ্জল হোসেন, সাইদুর রহমান ও ইব্রাহীম। তাঁদের প্রত্যেকের বাড়ি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বিভিন্ন গ্রামে। বাদীপক্ষের আইনজীবী মোয়াজ্জেম হোসেন প্রথম আলোকে এ তথ্য দিয়েছেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণ অনুযায়ী, ১৯৭১ সালের জুন-জুলাই মাসে স্থানীয় আবদুল খালেক সরকার ত্রিশালের আহমেদাবাদ বিদ্যালয়ে শান্তি বাহিনী ও রাজাকার বাহিনীর ক্যাম্প স্থাপন করেন। স্থানীয় কাকচর গ্রামের ইউনুছ আলী তখন মুক্তিযোদ্ধাদের নদী পারাপার করে দিতেন। এ অপরাধে আবদুল খালেকের ছেলে সাবেক সাংসদ আনিসুর রহমানসহ ২০ থেকে ২৫ জন মিলে ইউনুছ আলীকে ধরে ওই ক্যাম্পে নিয়ে রাতভর নির্যাতনের পর ১৫ আগস্ট সকালে গুলি করে হত্যা করে। এ ছাড়া ওই রাজাকার বাহিনী মুক্তিযুদ্ধের সময় এলাকায় লুটপাট ও ধর্ষণের মতো অপরাধ করে।