জাপার ৩০০ নেতা-কর্মীর বিএনপিতে যোগদান
কুমিল্লায় জাতীয় পার্টি (জাপা) ও এর অঙ্গসংগঠনের তিন শতাধিক নেতা-কর্মী গতকাল রোববার দুপুরে বিএনপিতে যোগদান করেছেন। কুমিল্লা টাউন হল মিলনায়তনে বিএনপির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিন উর রশিদ ইয়াছিনের হাতে ফুলের তোড়া দিয়ে ওই নেতা-কর্মীরা দলটিতে যোগ দেন।
বিএনপিতে যোগ দেওয়া নেতাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন জাতীয় পার্টির কুমিল্লা শহর কমিটির সভাপতি মিজানুর রহমান, কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয় পার্টির সদস্য মাহবুব আলী, মহানগর শ্রমিক পার্টির আহ্বায়ক কামাল হোসেন, কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয় ছাত্রসমাজের সাধারণ সম্পাদক মাহমুদুল হক, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ওয়াজকুরুনি ও কুমিল্লা শহর ৭ নম্বর ওয়ার্ডের জাতীয় পার্টির সভাপতি আবদুল জলিল।
ছাত্রসমাজের নেতা মাহমুদুল হক বলেন, ‘দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে অসহযোগিতা ও অবহেলার কারণে জাতীয় পার্টির প্রায় তিন শ নেতা-কর্মীসহ বিএনপিতে যোগদান করেছি।’
কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এয়ার আহমেদ বলেন, ‘বিএনপিতে যোগদানকারীরা দলের ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ছিলেন এটা সত্য। দীর্ঘদিন ধরে দলকে সুসংগঠিত করতে না পেরে তাঁরা অদক্ষতার পরিচয় দিয়ে চলে গেছেন। এতে জাতীয় পার্টির কোনো ক্ষতি হবে না।’
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিন উর রশিদ ইয়াছিন বলেন, ‘বিএনপি উদারপন্থী গণতান্ত্রিক দল। এ দলে নতুনদের আমরা স্বাগত জানাই।’