জাপায় ক্ষোভ হতাশা অস্বস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন সরকারে তিনজন মন্ত্রী, মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ দূত আর জাতীয় সংসদে প্রধান বিরোধীদলীয় নেতার আসন। তবু সন্তুষ্ট নয় জাতীয় পার্টি (জাপা)।
গতকাল দলের বিভিন্ন স্তরের নেতাদের সঙ্গে কথা বলে দলটির ভেতরে ক্ষোভ, হতাশা ও অস্বস্তি— তিন ধরনের প্রতিক্রিয়া পাওয়া গেছে।
দলের একাধিক কেন্দ্রীয় নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, জাপার চেয়ারম্যান এইচ এম এরশাদের নির্দেশ মানতে গিয়ে যেসব নেতা নির্বাচনে অংশ নিতে পারেননি, তাঁরা এখন চরমভাবে ক্ষুব্ধ। আর দলীয় প্রধানের নির্দেশ অমান্য করে নির্বাচনে থেকে জয়ী হওয়ার পরও যাঁরা আশা করেছিলেন মন্ত্রিত্ব পাবেন, তাঁরা না পেয়ে হতাশ। আর খোদ এরশাদ প্রধানমন্ত্রীর বিশেষ দূত হয়েও ‘অস্বস্তিতে’ আছেন।
এক মাস পর সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে গত রোববার বাসায় ফেরেন এরশাদ। গত দুই দিনে এরশাদের সঙ্গে দীর্ঘ সময় কথা বলেছেন, তাঁর এমন একাধিক ঘনিষ্ঠজন জানিয়েছেন যে নিজের প্রধানমন্ত্রীর বিশেষ দূত হওয়া, দলের তিনজনকে মন্ত্রী করা বা স্ত্রীর বিরোধীদলীয় নেতা হওয়ার বিষয়ে এরশাদকে খুব উৎসাহী মনে হয়নি। বরং তিনি একরকম নির্লিপ্ত মনোভাব দেখিয়েছেন।
জাপার দায়িত্বশীল একজন নেতা প্রথম আলোকে বলেন, প্রধানমন্ত্রীর বিশেষ দূত করার বিষয়টি এরশাদ জানতে পেরেছেন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখে। প্রধানমন্ত্রী এরশাদকে বলেন, ‘আপনাকে বিশেষ দূত হিসেবে দায়িত্ব দিয়েছি। এখন আপনি পৃথিবী ঘুরে ঘুরে আমাদের সরকারকে সাহায্য করবেন।’
এরশাদের ঘনিষ্ঠ নেতারা মনে করছেন, মহাজোট সরকারের সময় এরশাদ যখন বিশেষ দূত হতে চেয়েছিলেন, তখন তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়নি। এখন অনেকটা ‘অসময়ে’ এ দায়িত্ব দেওয়া হয়েছে, যখন দেশ-বিদেশে সরকারের গ্রহণযোগ্যতা প্রশ্নের মুখে। ফলে এখন সরকারের পক্ষে কতটা কার্যকর ভূমিকা রাখতে পারবেন, তা ভেবে এবং নির্বাচন বর্জন করে সাংসদ হিসেবে শপথ ও বিশেষ দূত হওয়া—সব মিলিয়ে এরশাদ একরকম অস্বস্তিতে আছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক জাপার দায়িত্বশীল একজন নেতা প্রথম আলোকে বলেন, ‘এ দেশে যত বড় বড় ঘটনা ঘটেছে, সেগুলোর খুব কমই স্বভাবিক প্রক্রিয়ায় সংঘটিত হয়েছে। এরশাদেরটিও সে রকম।’ তিনি বলেন, সময় গড়ালে এরশাদ নিজেই কথা বলবেন।
এরশাদের নির্দেশে নির্বাচন বর্জনকারী অংশটি দলীয় প্রধানের বিশেষ দূত হওয়া, দলের কারও মন্ত্রী হওয়া, এমনকি সাংসদ হওয়াও মেনে নিতে পারছে না।
জাপার সভাপতিমণ্ডলীর সদস্য দেলোয়ার হোসেন খান প্রথম আলোকে বলেন, ‘চেয়ারম্যানের নির্দেশ মেনে আমরা ২৪৩ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছিলাম। এখন তিনি নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে নিশ্চয়ই একটি সিদ্ধান্ত নেবেন। আমরা সে অপেক্ষায় আছি।’
অবশ্য এরশাদ গতকাল সোমবার তাঁর মুখপাত্রের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন জাপার সভাপতিমণ্ডলীর সদস্য কাজী ফিরোজ রশীদকে। দলীয় মুখপাত্র হিসেবে জাপার সভাপতিমণ্ডলীর সদস্য জি এম কাদের ও মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারকে দায়িত্ব দিয়েছেন। কাজী ফিরোজ নির্বাচনে অংশ নিয়েছেন এবং সাংসদ হয়েছেন। জাপা থেকে কমসংখ্যক মন্ত্রী করা হয়েছে বলে গণমাধ্যমে ক্ষোভও প্রকাশ করেছেন তিনি।
এমন হতাশা আরও অনেকের মধ্যে আছে বলে জানা গেছে। অবশ্য তাঁরা এখনো আশা ছেড়ে দেননি। সরকারের উচ্চ পর্যায়ে দেনদরবার চালিয়ে যাচ্ছেন বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়।
জাপার নবনির্বাচিত সাংসদ সালমা ইসলাম গত রাতে প্রথম আলোকে বলেন, ‘আমি অনেক কষ্ট করে পাস করেছি। এটা আমার বড় পাওনা। মন্ত্রী হতেই হবে এমন কিছু নেই। তবে সরকার যদি কখনো মন্ত্রী করে, তাহলে অবশ্যই যাব।’