জাপা-সমর্থিত লিয়াকত সভাপতি নির্বাচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয় পার্টি–সমর্থিত সভাপতি এবং সাধারণ সম্পাদকসহ ছয়টি পদে বিএনপি–সমর্থিত আইনজীবীরা জয়লাভ করেছেন। এ ছাড়া সহসভাপতিসহ পাঁচটি পদে আওয়ামী লীগ–সমর্থিত প্যানেলের প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
গত বৃহস্পতিবার শহরের কুড়পাড় এলাকায় জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে এ নির্বাচন হয়। জানা গেছে, নির্বাচনে সভাপতি পদে জাতীয় পার্টির জেলা কমিটির সভাপতি লিয়াকত আলী খান ১৪১ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ আইনজীবী প্যানেলের শীতাংশু বিকাশ আচার্য ১১২ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে ১৬৩ ভোট পেয়ে পুনর্নির্বাচিত হয়েছেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি আমিনুল হক খান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ–সমর্থিত প্যানেলের মাজহারুল হক খান পেয়েছেন ১০০ ভোট।
আওয়ামী লীগ আইনজীবী প্যানেলের বিজয়ীরা হলেন সহসভাপতি পদে আবুল কালাম আজাদ, যুগ্ম সম্পাদক পদে আজহারুল ইসলাম খান, লাইব্রেরি সম্পাদক পদে মো. আবুল মনসুর, নির্বাহী সদস্য পদে এম এ মজিদ ও সুলতান উদ্দিন আহম্মেদ। বিএনপি–সমর্থিত অন্য বিজয়ীরা হলেন অডিটর পদে আবদুর রশিদ, খেলাধুলা–সাংস্কৃতিক ও চিত্তবিনোদন সম্পাদক পদে শরিফুল ইসলাম, নির্বাহী সদস্য পদে শামীম আহম্মেদ, মোশারফ হোসেন তমাল এবং এনামুল হক মোর্শেদ বেগ।