জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাফর ইকবালের উপর হামলার প্রতিবাদে শনিবার সন্ধ্যায় জঙ্গীবাদ ও সাম্প্রদায়িকতা প্রতিরোধ মোর্চা শাহাবাগে মশাল মিছিল বের করে। ছবি: সাইফুল ইসলাম
জাফর ইকবালের উপর হামলার প্রতিবাদে শনিবার সন্ধ্যায় জঙ্গীবাদ ও সাম্প্রদায়িকতা প্রতিরোধ মোর্চা শাহাবাগে মশাল মিছিল বের করে। ছবি: সাইফুল ইসলাম

দেশের বুদ্ধিজীবী, লেখক, শিল্পী তথা মুক্ত চিন্তার মানুষের ওপর অব্যাহতভাবে জঙ্গি হামলার ঘটনা ঘটছে। অধ্যাপক জাফর ইকবালের ওপর হামলাই তার প্রমাণ। মানবিক মূল্যবোধ দিয়ে এগুলো প্রতিরোধ করতে হবে।

শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আজ শনিবার বিকেলে জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা প্রতিরোধ মোর্চার বিক্ষোভ সমাবেশে বক্তারা এ কথা বলেন। অধ্যাপক জাফর ইকবালসহ অতীতে একই ধরনের হামলার ঘটনায় দায়ীদের বিচারের দাবিতে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভে মোর্চার আহ্বায়ক সাংবাদিক আবেদ খান বলেন, জঙ্গি ও সাম্প্রদায়িক শক্তির কাছে বাংলাদেশ কখনো পরাজিত হবে না। মানবিক মূল্যবোধের শক্তি দিয়ে এগুলো প্রতিরোধ করতে হবে। যে দেশ পাকিস্তানকে পরাস্ত করে স্বাধীন হয়েছে সে দেশ জঙ্গিবাদকেও পরাস্ত করতে পারবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান বলেন,৭ই মার্চে বাংলামোটরে শিক্ষার্থী লাঞ্ছনাকারী, অধ্যাপক জাফর ইকবালের ওপর হামলাকারী ও সাম্প্রদায়িক শক্তির মধ্যে কোনো তফাৎ নেই।

একাত্তর টেলিভিশনের বার্তা সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা বলেন, এই ঘটনাগুলো প্রতিরোধ করতে এই সময়ে সকলের ঐক্য প্রয়োজন। কারণ, ঐক্য অপশক্তি দূর করে।

সন্ধ্যায় বিক্ষোভ শেষে একটি মশাল মিছিল বের করা হয়। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি হয়ে আবার শাহবাগে এসে শেষ হয়।