শিক্ষক ও লেখক মুহম্মদ জাফর ইকবালের বিরুদ্ধে সিলেট-৩ আসনের সরকারদলীয় সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরীর বক্তব্যে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ৬৮টি নারী, মানবাধিকার ও উন্নয়ন সংগঠনের মোর্চা সামাজিক প্রতিরোধ কমিটি। সাংসদের বক্তব্যকে আপত্তিকর, কুরুচিপূর্ণ এবং দেশের গণতান্ত্রিক রাজনীতির চর্চার জন্য হুমকি বলেও মন্তব্য করেছে সংগঠনটি।
গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সামাজিক প্রতিরোধ কমিটি এ প্রতিক্রিয়া জানায়। সংগঠনের পক্ষে বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম বিবৃতিতে সই করেন।
বিবৃতিতে বলা হয়, সামাজিক প্রতিরোধ কমিটি অত্যন্ত ক্ষুব্ধ ও উদ্বিগ্ন চিত্তে লক্ষ করেছে যে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মুহম্মদ জাফর ইকবালের বিরুদ্ধে সিলেট-৩ আসনের সাংসদ আপত্তিকর বক্তব্য দিয়েছেন। একজন বিশিষ্ট শিক্ষক ও বুদ্ধিজীবী সম্পর্কে একজন সংসদ সদস্যের এ ধরনের অশোভন ও আপত্তিকর বক্তব্যে আমরা ব্যথিত ও দুঃখিত। দেশের নীতিনির্ধারণে নিয়োজিত একজন সাংসদের এ ধরনের বক্তব্য শুধু অগণতান্ত্রিকই নয়, মুক্ত ও প্রগতি চিন্তার পরিপন্থী এবং দুর্ভাগ্যজনক।