জাফর ইকবালের মতামত নেবেন আদালত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘গ’ ইউনিটের (ব্যবসায় শিক্ষা অনুষদ) ভর্তি পরীক্ষা নিয়ে সৃষ্ট জটিলতা সমাধানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের মতামত জানতে চেয়েছেন হাইকোর্ট। বিশেষজ্ঞ মতামত জানাতে ২৮ নভেম্বর তাঁকে আদালতে উপস্থিত থাকতে বলা হয়েছে।গতকাল বৃহস্পতিবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এ আদেশ দেন।‘গ’ ইউনিটের পুনর্মূল্যায়িত ফলাফল বাতিলের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে ২২ নভেম্বর ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ১২ শিক্ষার্থী হাইকোর্টে রিট করেন। আবেদনের ওপর দুই দিন শুনানি নিয়ে গত বুধবার আদালত আগামী সোমবার পরবর্তী শুনানির দিন ধার্য করেন। ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন বলেন, ভর্তি পরীক্ষা নিয়ে সৃষ্ট জটিলতা সমাধানে মুহম্মদ জাফর ইকবালকে তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ মতামত দিতে আদালতে হাজির থাকতে বলা হয়েছে।গত ২৮ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের আওতায় ‘গ’ ইউনিটের পরীক্ষা হয়। ৩১ অক্টোবর ফল প্রকাশ হয়। প্রত্যাশিত ফল না পেয়ে ১ নভেম্বর অনেক শিক্ষার্থী উত্তরপত্র মূল্যায়নে ভুল আছে বলে অভিযোগ করেন। বিষয়টি সাংবাদিকেরা কর্তৃপক্ষের কাছে তুলে ধরলে উত্তরপত্র পুনর্মূল্যায়ন করে ২ নভেম্বর পুনরায় ফল প্রকাশ করা হয়। এরপর কয়েক শ শিক্ষার্থী আবারও ফল পুনর্মূল্যায়নের দাবি জানালে ১৯ নভেম্বর ডিনস কমিটির জরুরি সভায় ফল বাতিল করা হয়। সর্বশেষ ২১ নভেম্বর বিশ্ববিদ্যালয় প্রশাসন আগামী ৯ ডিসেম্বর ফের ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয়।