জাফর ইকবালের সঙ্গে আড্ডা-গল্প
স্কুলপড়ুয়া এক শিক্ষার্থী প্রশ্ন করল, ‘স্যার, বাংলা ব্যাকরণ এত বোরিং (বিরক্তিকর) কেন?’ একটু ভাবলেন, অতঃপর হেসে জবাবটা দিলেন জনপ্রিয় লেখক ও শিক্ষাবিদ মুহম্মদ জাফর ইকবাল। বললেন, ‘বাংলা ভাষা আমাদের মায়ের ভাষা। ভালো জিনিস রপ্ত করতে হলে একটু তো কষ্ট করতেই হবে।’
সঙ্গে যোগ করলেন, ‘বাংলা ভাষা শুদ্ধভাবে শেখার জন্য বাজারে অনেক ভালো ভালো ব্যাকরণের বই আছে। এগুলো পড়ে নিলেই হবে।’
গতকাল শনিবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এভাবেই শিক্ষার্থীদের নানা মজাদার প্রশ্নের জবাব দেন জাফর ইকবাল। নগরের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে ‘জাফর ইকবালের সঙ্গে কথোপকথন’ শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করে শব্দকল্পদ্রুম উদ্যাপন পরিষদ।
জনাকীর্ণ এই অনুষ্ঠানে চট্টগ্রামের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থীরা অংশ নেন। জাফর ইকবাল তাঁদের সঙ্গে গল্প-আড্ডায় মেতে ওঠেন। শোনান তাঁর বেড়ে ওঠার গল্প, মহান মুক্তিযুদ্ধের ইতিহাস। প্রশ্নপর্বে অংশ নেওয়া শিক্ষার্থীদের উপহার দেন নিজের লেখা মুক্তিযুদ্ধের ইতিহাস বইটি।
অনুষ্ঠানের শেষের দিকে সন্তানকে নিয়ে এক মায়ের লেখা একটি চিঠির সারসংক্ষেপ পড়ে শোনান জাফর ইকবাল। খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী নাজিফা তাজনুরের মা লেখেন চিঠিটা। চিঠিতে তিনি লেখেন, ‘নাজিফা সব সময়ই গল্পের বই পড়তে চায়। এমনকি ঘুমের মধ্যেও হঠাৎ জেগে উঠে মুঠোফোনের আলোতে বই পড়া শুরু করে। কিন্তু পাঠ্যবই বললেই সে পড়তে চায় না। কী করা যায়?’
জাফর ইকবাল নাজিফাকে মঞ্চে ডেকে আনেন এবং বইপ্রীতির কারণে উৎসাহ দেন, সঙ্গে পাঠ্যবইয়েও মনোযোগ দিতে বলেন। সবশেষে জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। এতে সবাই অংশ নেন।