জাফরকে ইলিয়াছের সমর্থন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাফর আলম
জাফর আলম

কক্সবাজার-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী জাফর আলমকে সমর্থন দিয়েছেন জাতীয় পার্টির (জাপা) বর্তমান সাংসদ মোহাম্মদ ইলিয়াছ। শনিবার বিকেল পাঁচটার দিকে চকরিয়া উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে এক সভায় এ ঘোষণা দেন তিনি। এ সময় আওয়ামী লীগের প্রার্থী জাফর আলম উপস্থিত ছিলেন।

দশম জাতীয় সংসদ নির্বাচনে মোহাম্মদ ইলিয়াছ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংসদ নির্বাচিত হয়েছিলেন। একাদশ সংসদ নির্বাচনেও জাতীয় পার্টির প্রার্থী হন ইলিয়াছ।

জাতীয় পার্টির নেতা-কর্মীরা জানান, শনিবার বিকেলে চকরিয়া উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে চকরিয়া উপজেলা, পৌরসভা, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা ও পেকুয়া উপজেলা জাতীয় পার্টির যৌথ সভা অনুষ্ঠিত হয়। চকরিয়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি গিয়াস উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির সাংসদ মোহাম্মদ ইলিয়াছ। সভায় বিভিন্ন স্তরের নেতারা বক্তব্য দেওয়ার পর প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন ইলিয়াছ। ওই সময় সভাস্থলে ঢোকেন আওয়ামী লীগের প্রার্থী জাফর আলম। তখন ইলিয়াছ আওয়ামী লীগের প্রার্থী জাফর আলমকে মহাজোটের প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেন।

সভায় মোহাম্মদ ইলিয়াছ বলেন, ‘২০১৪ সালের নির্বাচনে আওয়ামী লীগ জাফর আলমকে নৌকার প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়। ওই সময় আমাকে মহাজোটের প্রার্থী ঘোষণা করা হলে জাফর আলম মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। এর ফলে আমি সাংসদ নির্বাচিত হই। পরবর্তীকালে আমি জাফর আলমকে কথা দিয়েছিলাম, একাদশ সংসদ নির্বাচনে জাফর আলমকে মহাজোটের প্রার্থী করা হলে আমি তাঁর পক্ষে কাজ করব। আমি সেই ওয়াদা পালন করে আজকের সভায় তাঁকে সমর্থন দিচ্ছি।