জাফরুল হত্যার ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি
রাজধানীর মিরপুরে আবাসন ব্যবসায়ী জাফরুল হক ওরফে মুক্তার হোসেন মিনা (৫০) হত্যার ঘটনায় গতকাল রোববার পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। পরিবারের অভিযোগসহ বিভিন্ন দিক সামনে রেখে তদন্ত চলছে বলে পুলিশ জানিয়েছে।
গত শনিবার দুপুরে মিরপুরের ৬ নম্বর সেকশনের ‘ট’ ব্লকের বাসায় ঢুকে জাফরুলকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। পরিবারের অভিযোগ, গ্রামের বাড়ি মাদারীপুরের শিবচর থানার ক্রোকচরের শত্রুপক্ষের লোকজন এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।
নিহত জাফরুলের ছেলে রাজীব আহমেদ প্রথম আলোকে বলেন, গ্রামে তাঁদের বাড়ির পাশের সিকদার বাড়ির সাইদুরসহ কয়েকজন গত বছরের ১৮ জুন তাঁদের কাছে পাঁচ লাখ টাকা দাবি করেছিলেন। ওই ঘটনায় শিবচর থানায় মামলা হয়। এরপর তাঁর বাবাকে হত্যার চেষ্টার এবং ওই মামলার সাক্ষীর বাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনায়ও ওই থানায় মামলা করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে ওই পক্ষ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে তাঁদের সন্দেহ।
রাজীব বলেন, শনিবার ময়নাতদন্ত শেষে তাঁর বাবার লাশ মিরপুর কবরস্থানে দাফন করা হয়।
রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিকদার মো. শামীম হোসেন গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, ‘আমরা নিহত জাফরুলের পরিবারের অভিযোগসহ আরও বিভিন্ন দিক সামনে নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছি। এই হত্যার ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।’