জাফরুল্লাহ চৌধুরীকে 'এক্সট্রিমলি রংহেডেড' বললেন ট্রাইব্যুনাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ বলেছেন, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী নিজেকে ‘এক্সট্রিমলি রংহেডেড পারসন’ (চূড়ান্ত একগুঁয়ে ব্যক্তি) হিসেবে প্রমাণ করেছেন। তাঁকে থামানো না হলে বিচার বিভাগ ও আইনের শাসনকে খাটো করে তাঁর উদ্ধত আচরণ অব্যাহত রাখবেন।
জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ নিষ্পত্তি করে দেওয়া রায়ে ট্রাইব্যুনাল-২ এ কথা বলেন। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল গতকাল মঙ্গলবার এ রায় ঘোষণা করেন। অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. শাহিনুর ইসলাম।
রায়ে ট্রাইব্যুনাল বলেন, জাফরুল্লাহ চৌধুরী তাঁর আচরণের জন্য নিঃশর্ত ক্ষমা চাওয়ায় তাঁকে আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হলো। তবে তাঁকে কড়াভাবে সতর্ক করে দেওয়া হলো এই আশায়, যাতে ভবিষ্যতে তিনি এ ধরনের অবমাননাকর মন্তব্য এবং দায়িত্বহীন আচরণ না করেন। এ সময় জাফরুল্লাহ চৌধুরী ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন।
রায়ে বলা হয়, মুক্তিযুদ্ধে জাফরুল্লাহ চৌধুরীর অবদান জাতি স্বীকৃতি দেয়। কিন্তু এটা মনে করার কারণ নেই, তিনি আইনের ঊর্ধ্বে।
গত ৬ জুলাই জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে আবেদন করেন তিনজন মুক্তিযোদ্ধা ও গণজাগরণ মঞ্চের একাংশের দুজন সংগঠক।