জাফরুল্লাহ চৌধুরীর আবেদনের শুনানি ২৬ জুলাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালত অবমাননার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর দেওয়া সাজা চ্যালেঞ্জ করে গণস্বাস্থ্যকেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী যে আবেদন করেছিলেন, তা শুনানির জন্য ২৬ জুলাই দিন নির্ধারণ করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ গতকাল সোমবার শুনানির এ দিন ধার্য করেন।
বাংলাদেশে বসবাসরত ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যানের সাজায় উদ্বেগ জানিয়ে আদালত অবমাননাকর বিবৃতি দেওয়ায় ১০ জুন জাফরুল্লাহ চৌধুরীকে এজলাসে আসামির কাঠগড়ায় এক ঘণ্টার কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল-২। একই সঙ্গে তাঁকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। এক সপ্তাহের মধ্যে জরিমানার ওই টাকা জমা দেওয়ার নির্দেশ দেন ট্রাইব্যুনাল।
ওই দিনই জাফরুল্লাহ এজলাসে কারাদণ্ডের সাজা ভোগ করেন। ট্রাইব্যুনালের দেওয়া সাজা চ্যালেঞ্জ করে পরে তিনি আপিল বিভাগে আবেদন করেন। ১৬ জুন চেম্বার আদালত তাঁর অর্থদণ্ডের কার্যকারিতা স্থগিত করেন এবং আবেদনটি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠান। গতকাল আপিল বিভাগের কার্যতালিকায় এটি শুনানির জন্য আসে। গতকাল জাফরুল্লাহ চৌধুরীর পক্ষে সময়ের আরজি জানান আইনজীবী মো. তৌফিক হোসেন। পরে আদালত ২৬ জুলাই পর্যন্ত শুনানি মুলতবি করেন।