জাফরুল্লাহ চৌধুরীর এক ঘণ্টার দণ্ড, ২২ জনকে ক্ষমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে বের হয়ে গতকাল সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাফরুল্লাহ চৌধুরী l ছবি: প্রথম আলো
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে বের হয়ে গতকাল সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাফরুল্লাহ চৌধুরী l ছবি: প্রথম আলো

আদালত অবমাননার দায়ে সাজা ভোগ করলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী। গতকাল বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এজলাসে আসামির কাঠগড়ায় তাঁকে এক ঘণ্টা আটকে রেখে এ সাজা কার্যকর করা হয়।
বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. শাহিনুর ইসলামের সমন্বয়ে গঠিত ট্রাইব্যুনাল-২ গতকাল জাফরুল্লাহকে এই কারাদণ্ড দেন। এ ছাড়া তাঁকে পাঁচ হাজার টাকা জরিমানাও করেছেন ট্রাইব্যুনাল। সাত দিনের মধ্যে জরিমানা না দিলে তাঁকে এক মাসের জন্য কারাগারে যেতে হবে। একই আদেশে আদালত অবমাননার জন্য অভিযুক্ত অন্য ২২ জনকে ক্ষমা করে দেওয়া হয়েছে। তবে ভবিষ্যতে বিবৃতি দেওয়ার ক্ষেত্রে ট্রাইব্যুনাল তাঁদের সতর্ক থাকতে বলেছেন।
আদালত অবমাননার দায়ে সাজাপ্রাপ্ত নিউ এজ পত্রিকার বিশেষ প্রতিবেদনের সম্পাদক ডেভিড বার্গম্যানের সাজায় উদ্বেগ জানিয়ে দেশের ৫০ জন নাগরিক গত বছরের ১৮ ডিসেম্বর বিবৃতি দিয়েছিলেন। মানবাধিকারকর্মী খুশী কবির পরে বিবৃতি থেকে নাম প্রত্যাহার করে নেন। গত ১৪ জানুয়ারি ট্রাইব্যুনাল ৪৯ জন বিবৃতিদাতার কাছে এ বিষয়ে ব্যাখ্যা চান। বিবৃতির জন্য নিঃশর্ত ক্ষমা চাওয়ায় ২৬ বিবৃতিদাতাকে অভিযোগ থেকে অব্যাহতি দেন ট্রাইব্যুনাল। বাকি ২৩ জনের বিরুদ্ধে গত ১ এপ্রিল ট্রাইব্যুনাল আদালত অবমাননার রুল দেন। গত ১৪ মে ওই রুলের শুনানি শেষে গতকাল আদেশের জন্য ধার্য রাখা হয়েছিল।
জাফরুল্লাহ চৌধুরী প্রসঙ্গে গতকাল আদেশে ট্রাইব্যুনাল বলেন, এর আগে ট্রাইব্যুনাল-১-এ তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আসে। ওই ট্রাইব্যুনালে দেওয়া তাঁর ব্যাখ্যার ভাষাও ছিল অবমাননাকর। তারপরও ট্রাইব্যুনাল-১ তাঁকে সাজা না দিয়ে শুধু সতর্ক করে দিয়েছিলেন। কিন্তু এরপরও তিনি শোধরাননি। বরং এই ট্রাইব্যুনালে দেওয়া ব্যাখ্যায়ও তিনি অরুচিকর মন্তব্য করার সাহস দেখিয়েছেন। এটা নিছক ধৃষ্টতা ও বিচার বিভাগকে বুড়ো আঙুল দেখানোর শামিল। এ জন্য জাফরুল্লাহ চৌধুরীর দৃষ্টান্তমূলক সাজা প্রাপ্য। কিন্তু বয়স বিবেচনায় তাঁকে এক ঘণ্টার কারাদণ্ড দেওয়া হলো। আদালতের কার্যক্রম শেষ হওয়ার পর এক ঘণ্টা তিনি আসামির কাঠগড়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাহারায় থেকে এই কারাদণ্ড ভোগ করবেন।
অন্য ২২ জনের প্রসঙ্গে আদেশে বলা হয়, জাফরুল্লাহ ছাড়া অন্যদের বিরুদ্ধে এর আগে কখনো আদালত অবমাননার অভিযোগ আসেনি। অবমাননাকর উপাদান থাকলেও ২২ জন বিবৃতির পর এর সম্ভাব্য পরিণতি সম্পর্কে সচেতন ছিলেন না, অবচেতনভাবে বিবৃতিতে সম্মতি দিয়েছেন এবং পরে এর জন্য দুঃখ প্রকাশ করেছেন। তাই তাঁদের অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হলো।
অব্যাহতি পাওয়া ২২ জন হলেন আফসান চৌধুরী, আনু মুহাম্মদ, মাসুদ খান, শিরীন হক, আলী আহমেদ জিয়াউদ্দিন, রেহনুমা আহমেদ, ফরিদা আখতার, শহীদুল আলম, সি আর আবরার, জিয়াউর রহমান, হানা শামস আহমেদ, আনুশেহ আনাদিল, মুক্তশ্রী চাকমা, লুবনা মরিয়ম, বিনা ডি কস্তা, মাহমুদ রহমান, জারিনা নাহার কবির, লিসা গাজী, শবনম নাদিয়া, নাসরিন সিরাজ, টিবরা আলী ও দেলওয়ার হোসেন।
গতকাল বেলা সাড়ে ১১টার দিকে আদেশ পড়া শেষ করেন ট্রাইব্যুনাল। এ সময় জাফরুল্লাহ চৌধুরী ট্রাইব্যুনালের উদ্দেশে বলেন, তাঁর সাজা স্থগিত করতে হবে। কারণ, তিনি উচ্চ আদালতে আপিল করবেন। আদেশ স্থগিত হবে না জানিয়ে ট্রাইব্যুনালের তিন বিচারক আসন ত্যাগ করে চলে যান।
আদেশের পর এজলাসে উপস্থিত ট্রাইব্যুনালের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা জাফরুল্লাহ চৌধুরীকে কাঠগড়ায় যাওয়ার অনুরোধ করেন। কিন্তু জাফরুল্লাহ তা না করে পুলিশ সদস্যদের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তিনি দাবি করেন, লিখিত আদেশ না পড়ে তিনি কাঠগড়ায় উঠবেন না।
ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কার্যালয়ের একাধিক কর্মকর্তা প্রথম আলোকে জানান, দুপুর সাড়ে ১২টার পর এজলাসে উপস্থিত জাফরুল্লাহকে লিখিত আদেশের অনুলিপি দেওয়া হয়। তা পড়ার পর ১২টা ৪৯ মিনিটে স্বেচ্ছায় কাঠগড়ায় ওঠেন তিনি। এরপর এক ঘণ্টা কাঠগড়ায় বসে ছিলেন।
বেলা দুইটার দিকে এজলাস থেকে নেমে জাফরুল্লাহ সাংবাদিকদের বলেন, তিনি জরিমানার টাকা দেবেন না। সাত দিনের মধ্যেই উচ্চ আদালতে আপিল করবেন। দেরিতে কাঠগড়ায় যাওয়া প্রসঙ্গে জাফরুল্লাহ বলেন, পুরো আদেশ পড়ে তারপর তা পালন করার জন্য অপেক্ষা করছিলেন তিনি। অনুলিপি দিতে আদালতের দেরি হয়েছে।
গতকালের আদেশে যুক্তরাষ্ট্রভিত্তিক দৈনিক দ্য নিউইয়র্ক টাইমস-এর বিরুদ্ধে দেওয়া আদালত অবমাননা নোটিশের নিষ্পত্তি করেন ট্রাইব্যুনাল। আদেশে ট্রাইব্যুনাল বলেন, গত বছরের ২৩ ডিসেম্বর নিউইয়র্ক টাইমস-এ ‘মাজলিং স্পিচ ইন বাংলাদেশ’ শিরোনামে সম্পাদকীয় ছাপা হয়। এতে আদালত অবমাননার দায়ে বার্গম্যানকে দেওয়া ট্রাইব্যুনালের সাজা প্রত্যাহারের দাবি জানানো হয়। গত ১১ ফেব্রুয়ারি এ বিষয়ে পত্রিকাটির কাছে ট্রাইব্যুনাল একাধিকবার ব্যাখ্যা চাইলেও তারা কোনো জবাব দেয়নি। ট্রাইব্যুনাল মনে করে, একটি বিদেশি রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে সংবাদ পরিবেশনের সময় নিউইয়র্ক টাইমস যে ধরনের নীতি-নৈতিকতা মেনে চলে, তা এখানে মানা হয়নি। ট্রাইব্যুনাল আশা করেন, ভবিষ্যতে এ ধরনের সংবাদ পরিবেশনের ক্ষেত্রে তারা সতর্ক থাকবে।