জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালত অবমাননার দায়ে দণ্ডপ্রাপ্ত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-২ গতকাল বৃহস্পতিবার এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত ডেপুটি রেজিস্ট্রার মো. আফতাবুজ্জামান পরোয়ানা জারির তথ্য প্রথম আলোকে নিশ্চিত করেছেন।
আদালত অবমাননার দায়ে ১০ জুন জাফরুল্লাহ চৌধুরীকে দণ্ড দেন ট্রাইব্যুনাল। তাঁকে ট্রাইব্যুনালের এজলাসে আসামির কাঠগড়ায় এক ঘণ্টার কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। এক সপ্তাহের মধ্যে জরিমানার টাকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের দপ্তর জানায়, নির্ধারিত সময়ে জরিমানার টাকা জমা না দেওয়ায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
অবশ্য ১৬ জুন জাফরুল্লাহ চৌধুরীকে দেওয়া ট্রাইব্যুনালের অর্থদণ্ড ৫ জুলাই পর্যন্ত স্থগিত করেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। জাফরুল্লাহ চৌধুরীর করা আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ আদেশ দেন। একই সঙ্গে আবেদনটি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠান চেম্বার বিচারপতি। ৫ জুলাই ওই আবেদনের ওপর শুনানি হবে।
এ বিষয়ে জানতে চাইলে ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত ডেপুটি রেজিস্ট্রার প্রথম আলোকে বলেন, ‘এ ধরনের কোনো আদেশের অনুলিপি আমরা পাইনি।’
১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইনে গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ বা যুদ্ধাপরাধের দায়ে সাজাপ্রাপ্ত ব্যক্তির সর্বোচ্চ আদালতে আপিলের অধিকার থাকলেও আদালত অবমাননার দায়ে সাজাপ্রাপ্ত ব্যক্তির আপিলের অধিকার দেওয়া নেই। জাফরুল্লাহ চৌধুরীর আইনজীবী বলেছিলেন, সংবিধানের ১০৪ অনুচ্ছেদ অনুসারে ‘সম্পূর্ণ ন্যায়বিচারের স্বার্থে’ তাঁরা সর্বোচ্চ আদালতে এ আবেদন করেছিলেন।