জাফরুল্লাহ চৌধুরীর বিষয়ে আদেশ মঙ্গলবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের বিষয়ে আদেশের জন্য আগামী মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিন পুনর্নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-২-এ গতকাল রোববার এ বিষয়ে আদেশের জন্য দিন ধার্য ছিল। জাফরুল্লাহ চৌধুরীর পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আবদুল বাসেত মজুমদার। রাষ্ট্রপক্ষে ছিলেন কৌঁসুলি তুরিন আফরোজ ও তাপস কান্তি বল। বাদীপক্ষে ছিলেন খান মোহাম্মদ শামীম আজিজ ও মোর্শেদ আহমেদ খান।
১০ আগস্ট জাফরুল্লাহ চৌধুরীর নিঃশর্ত ক্ষমার আবেদন গ্রহণ করার জন্য ট্রাইব্যুনালে আরজি জানান তাঁর আইনজীবী আবদুল বাসেত মজুমদার। বাদীপক্ষের আইনজীবী আদালত অবমাননার জন্য জাফরুল্লাহ চৌধুরীর সাজার আরজি জানান। দুই পক্ষের শুনানি শেষে ট্রাইব্যুনাল গতকাল আদেশের দিন ধার্য করেছিলেন।
গত ৬ জুলাই জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে আদালত অবমাননার এ অভিযোগ আনেন তিনজন মুক্তিযোদ্ধা ও গণজাগরণ মঞ্চের একাংশের দুজন সংগঠক। পরদিন বাদীপক্ষের আইনজীবীরা শুনানিতে বলেন, গত ১০ জুন আদালত অবমাননার দায়ে জাফরুল্লাহ চৌধুরীকে সাজা দেন ট্রাইব্যুনাল-২। ওই দিন রায়ের পর আদালত থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের কাছে ট্রাইব্যুনাল-২-এর বিচারকদের সম্পর্কে কটূক্তি করেন। এরপর ১২ জুলাই জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেন ট্রাইব্যুনাল। ৮ আগস্ট এ নোটিশের জবাবে জাফরুল্লাহ চৌধুরী তাঁর বক্তব্যের জন্য নিঃশর্ত ক্ষমা চান।
এর আগে সাংবাদিক ডেভিড বার্গম্যানের সাজায় উদ্বেগ জানিয়ে অবমাননাকর বক্তব্য দেওয়ার অভিযোগে ১০ জুন জাফরুল্লাহ চৌধুরীকে এজলাসে আসামির কাঠগড়ায় এক ঘণ্টার সাজা দেন ট্রাইব্যুনাল-২। একই সঙ্গে তাঁকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। ওই দিনই তিনি এজলাসে সাজা ভোগ করলেও অর্থদণ্ডের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করেন। এরপর নিঃশর্ত ক্ষমা চাওয়ায় ২৮ জুলাই তাঁর সাজা বাতিল করেন আপিল বিভাগ।