জাফরুল্লাহ চৌধুরীর বিষয়ে আদেশ ৩০ আগস্ট
বিচারকদের নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগে গণস্বাস্থ্যকেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীকে দেওয়া রুলের ওপর আদেশের জন্য ৩০ আগস্ট দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-২ গতকাল সোমবার রুলের ওপর শুনানি শেষে আদেশের জন্য এ দিন ধার্য করেন। আদালতে জাফরুল্লাহ চৌধুরীর পক্ষে শুনানি করেন আইনজীবী আবদুল বাসেত মজুমদার। আবেদনকারীদের পক্ষে ছিলেন খান মোহাম্মদ শামীম আজিজ ও মোর্শেদ আহমেদ খান।
শুনানিতে জাফরুল্লাহ চৌধুরীর নিঃশর্ত ক্ষমার আবেদন গ্রহণের জন্য ট্রাইব্যুনালকে আর্জি জানান বাসেত মজুমদার। তবে আবেদনকারীদের আইনজীবী আদালত অবমাননার দায়ে জাফরুল্লাহ চৌধুরীর সাজার আর্জি জানান। দুই পক্ষের শুনানি শেষে ট্রাইব্যুনাল আদেশের দিন ধার্য করেন।
গত ৬ জুলাই জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে আদালত অবমাননার এ অভিযোগ আনেন তিনজন মুক্তিযোদ্ধা ও গণজাগরণ মঞ্চের একাংশের দুজন সংগঠক। ৭ জুলাই শুনানিতে আবেদনকারীদের আইনজীবীরা বলেন, গত ১০ জুন আদালত অবমাননার দায়ে জাফরুল্লাহ চৌধুরীকে সাজা দেন ট্রাইব্যুনাল-২। ওই দিন রায়ের পর আদালত থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের কাছে ট্রাইব্যুনাল-২-এর বিচারকদের সম্পর্কে কটূক্তি করেন। ১২ জুলাই জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে আদালত অবমাননার এ রুল দেন ট্রাইব্যুনাল। গত রোববার এ রুলের জবাবে জাফরুল্লাহ চৌধুরী তাঁর বক্তব্যের জন্য নিঃশর্ত ক্ষমা চান।
এর আগে সাংবাদিক ডেভিড বার্গম্যানের সাজায় উদ্বেগ জানিয়ে বক্তব্য দেওয়ার অভিযোগে ১০ জুন জাফরুল্লাহ চৌধুরীকে এজলাসে আসামির কাঠগড়ায় এক ঘণ্টার সাজা দেন ট্রাইব্যুনাল-২। একই সঙ্গে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেন আদালত।