জাফরুল্লাহ চৌধুরীকে রোববারের মধ্যে ব্যাখ্যা দিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালত অবমাননার অভিযোগে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তার ব্যাখ্যা দিতে তাঁকে আগামী রোববার (৯ আগস্ট) পর্যন্ত সময় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-২-এ গতকাল বুধবার এ ব্যাখ্যা দেওয়ার দিন ধার্য ছিল। তবে জাফরুল্লাহ চৌধুরীর আইনজীবী আবদুল বাসেত মজুমদার ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন না। তাঁর সহযোগী আইনজীবী সাঈদ আহমেদ ট্রাইব্যুনালকে বলেন, বাসেত মজুমদার অসুস্থতার জন্য উপস্থিত হতে পারেননি। ব্যাখ্যা দেওয়ার জন্য এক মাস সময় দরকার। পরে ট্রাইব্যুনাল রোববার পর্যন্ত সময় দেন।
গত ৬ জুলাই জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে আদালত অবমাননার এ অভিযোগ আনেন তিনজন মুক্তিযোদ্ধা ও গণজাগরণ মঞ্চের একাংশের দুজন সংগঠক। ৭ জুলাই এ আবেদনের ওপর শুনানি করেন আইনজীবী খান মোহাম্মদ শামীম আজিজ ও মোর্শেদ আহমেদ খান। শুনানিতে তাঁরা বলেন, গত ১০ জুন আদালত অবমাননার দায়ে জাফরুল্লাহ চৌধুরীকে সাজা দেন ট্রাইব্যুনাল-২। ওই দিন রায়ের পর আদালত থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের কাছে ট্রাইব্যুনাল-২-এর বিচারকদের সম্পর্কে কটূক্তি করেন। ১২ জুলাই জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে আদালত অবমাননার এ রুল দেন ট্রাইব্যুনাল। ২২ জুলাই তাঁকে ট্রাইব্যুনালে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়। ওই দিন ট্রাইব্যুনালে গিয়ে তিনি ব্যাখ্যা দিতে সময় চান।
এর আগে সাংবাদিক ডেভিড বার্গম্যানের সাজায় উদ্বেগ জানিয়ে অবমাননাকর বক্তব্য দেওয়ায় ১০ জুন জাফরুল্লাহ চৌধুরীকে এজলাসে আসামির কাঠগড়ায় এক ঘণ্টার সাজা দেন ট্রাইব্যুনাল-২।