জাফরুল্লাহ চৌধুরীর আবেদনের শুনানি আজ
আদালত অবমাননার দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর দেওয়া সাজা চ্যালেঞ্জ করে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরীর করা আবেদন শুনানির জন্য আজ সোমবার দিন পুনর্নির্ধারণ করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
জাফরুল্লাহ চৌধুরীর আইনজীবী আবদুল্লাহ আল মামুনের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ গতকাল রোববার শুনানির এ দিন পুনর্নির্ধারণ করেন।
বাংলাদেশে বসবাসরত ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যানের সাজায় উদ্বেগ জানিয়ে আদালত অবমাননাকর বিবৃতি দেওয়ায় গত ১০ জুন জাফরুল্লাহ চৌধুরীকে এজলাসে আসামির কাঠগড়ায় এক ঘণ্টার কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল-২। একই সঙ্গে তাঁকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। এক সপ্তাহের মধ্যে জরিমানার ওই টাকা জমা দেওয়ার নির্দেশ দেন ট্রাইব্যুনাল।
১০ জুনই জাফরুল্লাহ চৌধুরী এজলাসে কারাদণ্ডের সাজা ভোগ করলেও ট্রাইব্যুনালের দেওয়া সাজা চ্যালেঞ্জ করে তিনি আপিল বিভাগে আবেদন করেন। ১৬ জুন চেম্বার আদালত তাঁর অর্থদণ্ডের কার্যকারিতা স্থগিত করেন এবং আবেদনটি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠান। পরে আপিল বিভাগ শুনানির জন্য ২৬ জুলাই (গতকাল) দিন ধার্য করেছিলেন।