জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার
আদালত অবমাননার দায়ে সাজাপ্রাপ্ত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার (রিকল) করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-২ গতকাল রোববার এ আদেশ দেন। গত বৃহস্পতিবার এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন ট্রাইব্যুনাল।
ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত ডেপুটি রেজিস্ট্রার মো. আফতাবুজ্জামান প্রথম আলোকে বলেন, চেম্বার আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা রিকল করেছেন এবং পরবর্তী আদেশ না হওয়া পর্যন্ত তা স্থগিত রেখেছেন।
আদালত অবমাননার দায়ে সাজাপ্রাপ্ত নিউ এজ পত্রিকার বিশেষ প্রতিবেদনের সম্পাদক ডেভিড বার্গম্যানের সাজায় উদ্বেগ জানিয়ে বিবৃতিদাতা ২৩ নাগরিকের বিষয়ে ১০ জুন রায় দেন ট্রাইব্যুনাল। তাঁদের মধ্যে ২২ জনকে ক্ষমা করে আদালত অবমাননার দায়ে জাফরুল্লাহ চৌধুরীকে সাজা দেন ট্রাইব্যুনাল। তাঁকে ট্রাইব্যুনালের এজলাসে আসামির কাঠগড়ায় এক ঘণ্টার কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।
এক সপ্তাহের মধ্যে জরিমানার ওই টাকা জমা দেওয়ার নির্দেশ ছিল। নির্ধারিত সময়ে জরিমানার টাকা জমা না দেওয়ায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল।
যদিও জাফরুল্লাহর আবেদনের পরিপ্রেক্ষিতে ১৬ জুন সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ৫ জুলাই পর্যন্ত জাফরুল্লাহর অর্থদণ্ড স্থগিত করেন। কিন্তু চেম্বার আদালতের আদেশের অনুলিপি না পাওয়ায় ১৮ জুন ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এরপর গতকাল জাফরুল্লাহ চৌধুরী চেম্বার আদালতের আদেশের অনুলিপি ও গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার চেয়ে ট্রাইব্যুনালে আবেদন করেন।
১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইনে গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ বা যুদ্ধাপরাধের দায়ে সাজাপ্রাপ্ত ব্যক্তির সর্বোচ্চ আদালতে আপিল করার অধিকার রয়েছে। কিন্তু আদালত অবমাননার দায়ে সাজাপ্রাপ্ত ব্যক্তির আপিল করার অধিকার দেওয়া নেই। এ জন্য সংবিধানের ১০৪ অনুচ্ছেদ অনুসারে ‘সম্পূর্ণ ন্যায়বিচারের’ স্বার্থে সর্বোচ্চ আদালতে আবেদন করেছিলেন জাফরুল্লাহ।