জাফরুল্লাহ, মাহফুজউল্লাহকে অব্যাহতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টিফোর, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী ও সাংবাদিক মাহফুজউল্লাহকে আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

বিচারপতি এম. ইনায়েতুর রহিম, বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি আনোয়ারুল হকের সমন্বয়ে গঠিত তিন সদস্যের ট্রাইব্যুনাল আজ বৃহস্পতিবার এ আদেশ দেন।

তবে আদেশে বলা হয়েছে, ভবিষ্যতে আদালত ও বিচারাধীন বিষয়ে মন্তব্য করার ক্ষেত্রে সুশীল ব্যক্তিদের সচেতন থাকতে হবে, যাতে আদালত সম্পর্কে জনগণের মনে বিরূপ ধারণা সৃষ্টি না হয়। এ ছাড়া গত বছরের ১৮ সেপ্টেম্বর প্রচারিত ‘মুক্তবাক’ অনুষ্ঠানের ওই পর্বটি পরবর্তী সময়ে সম্প্রচারের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

৩০ এপ্রিল এ অভিযোগের বিষয়ে শুনানি শেষ হয়। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন কৌঁসুলি তুরিন আফরোজ। চ্যানেল টোয়েন্টিফোরের পক্ষে আইনজীবী আসাদুজ্জামান এবং মাহফুজউল্লাহর পক্ষে আইনজীবী তাজুল ইসলাম শুনানিতে অংশ নেন। জাফরুল্লাহ চৌধুরী নিজেই নিজের পক্ষে শুনানি করেন।

গত বছরের ২৬ সেপ্টেম্বর জাফরুল্লাহ চৌধুরী, মাহফুজউল্লাহ ও চ্যানেল টোয়েন্টিফোরের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ কেন আনা হবে না—তা জানতে চান এই ট্রাইব্যুনাল। ওই আদেশে বলা হয়, ১৮ সেপ্টেম্বর চ্যানেল টোয়েন্টিফোরে প্রচারিত রাত ১১টার ‘মুক্তবাক’ নামের টক শোতে ট্রাইব্যুনালে বিচারাধীন বিষয়ে আপত্তিকর মন্তব্য করা হয়েছে।