জাফরুল্লাহর আবেদনের ওপর আদেশ আজ
আদালত অবমাননার দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর দেওয়া সাজা চ্যালেঞ্জ করে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী যে আবেদন করেছিলেন, সে বিষয়ে আজ মঙ্গলবার আদেশ দেবেন আপিল বিভাগ।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চে গতকাল সোমবার এ আবেদনের ওপর শুনানি হয়। আদালতে জাফরুল্লাহর পক্ষে ছিলেন আইনজীবী আবদুর রেজাক খান ও আবদুল্লাহ আল মামুন। তাঁরা শুনানিতে বলেন, যে অভিযোগে জাফরুল্লাহ চৌধুরীকে ট্রাইব্যুনাল সাজা দিয়েছেন, একই অভিযোগ থেকে আরও ২২ জনকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এ সময় আদালত জানতে চান, আদালত অবমাননার অভিযোগের বিরুদ্ধে জাফরুল্লাহ চৌধুরী আইনি লড়াই চালিয়ে যাবেন, নাকি নতুন করে কোনো আবেদন করবেন। জাফরুল্লাহ চৌধুরীর আইনজীবীরা এ বিষয়ে সিদ্ধান্ত জানাতে সময় চান। তখন আদালত আদেশের জন্য মঙ্গলবার দিন ধার্য করেন।