জাফরুল্লাহর বিরুদ্ধে আবারও আদালত অবমাননার অভিযোগ গ্রহণ
আদালত অবমাননার অভিযোগে কেন শাস্তি হবে না ট্রাইব্যুনালে হাজির হয়ে তার ব্যাখ্যা দিতে হবে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীকে। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আজ রোববার সকালে এ আদেশ দেন।
আদেশে তাঁকে আগামী ২২ জুলাই ট্রাইব্যুনালে হাজির হয়ে এ ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
আদালত অবমাননার দায়ে একবার সাজাপ্রাপ্ত ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে আবার আদালত অবমাননার অভিযোগ গ্রহণের বিষয়ে আজ আদেশের দিন ধার্য ছিল।
৬ জুলাই জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে ট্রাইব্যুনালে আবেদন করেন তিনজন মুক্তিযোদ্ধা ও গণজাগরণ মঞ্চের একাংশের দুজন সংগঠক। পরের দিন এ আবেদনের ওপর শুনানি করেন তাঁদের আইনজীবী খান মোহাম্মদ শামীম আজিজ এবং মোর্শেদ আহমেদ খান। শুনানিতে তাঁরা বলেন, গত ১০ জুন আদালত অবমাননার দায়ে জাফরুল্লাহ চৌধুরীকে সাজা দেন ট্রাইব্যুনাল-২। ওই দিন রায়ের পর আদালত থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের কাছে ট্রাইব্যুনাল-২-এর বিচারকদের সম্পর্কে কটূক্তি করেন, যা আদালত অবমাননার শামিল বলে আবেদনে উল্লেখ করা হয়। তিনি সাংবাদিকদের কাছে বলেছিলেন, ‘আজকের এ রায় তিন বিচারকের মানসিক অসুস্থতার প্রমাণ। এখানে বিচারকরা সমালোচনা সহ্য করতে পারেন না। যেখানে তাঁরা সমালোচনা সহ্য করতে পারেন না, সেখানে ন্যায়বিচার হয় না। যখন তাঁরা সমালোচনা সহ্য করতে পারেন না, তখন যুক্তি থাকে না বলেই আইনের আড়ালে আত্মগোপন করেন।’
বাংলাদেশে বসবাসরত ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যানের সাজায় উদ্বেগ জানিয়ে অবমাননাকর বক্তব্য দেওয়ায় গত ১০ জুন জাফরুল্লাহ চৌধুরীকে এজলাসে আসামির কাঠগড়ায় এক ঘণ্টার কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল-২। একই সঙ্গে ট্রাইব্যুনাল তাঁকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেন। এক সপ্তাহের মধ্যে জরিমানার ওই টাকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। ওই দিনই জাফরুল্লাহ এজলাসে কারাদণ্ডের সাজা ভোগ করলেও অর্থদণ্ডের বিরুদ্ধে তিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করেন। গত ১৬ জুন চেম্বার আদালত তাঁর অর্থদণ্ডের কার্যকারিতা স্থগিত করে দেন এবং আবেদনের শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন। ৫ জুলাই ওই আবেদনের ওপর আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানি হওয়ার কথা ছিল। তবে তা হয়নি। একটি অভিযোগ অনিষ্পন্ন থাকা অবস্থায় আবারও আদালত অবমাননার অভিযোগ গ্রহণ করে ট্রাইব্যুনাল ডা. জাফরুল্লাহ চৌধুরীকে শোকজ করলেন।