জাফলং থেকে ২৫টি ‘বোমা মেশিন’ জব্দ
সিলেটের জাফলং বাল্লাঘাট পাথর কোয়ারি থেকে পরিবেশ ধ্বংসকারী ২৫টি ‘বোমা মেশিন’ জব্দ করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে গোয়াইনঘাট থানার পুলিশ অভিযান চালিয়ে এ মেশিনগুলো জব্দ করে। পুলিশ জানিয়েছে, অভিযানকালে মেশিন মালিকেরা তাঁদের মেশিন ফেলে পালিয়ে যান। জব্দ করা মেশিনগুলোর মালিকেরা হচ্ছেন: ফুল মিয়া, ফয়জুল হক, নামনু মিয়া, রাজন আহমদ, রাজা মিয়া, সুমন মিয়া, সেলিম আহমদ, সোলেমান আহমদ। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। পরিবেশ অধিদপ্তর সিলেটের উপপরিচালক মো. জিল্লুর রহমান জানান, সিলেটের পাথর কোয়ারিগুলোতে আগে শ্রমিক দিয়েই পাথর তোলা হতো। কিন্তু একদল ব্যবসায়ী প্রায় তিন বছর ধরে অধিক মুনাফার আশায় পাথর তুলতে বোমা মেশিন ব্যবহার করছেন। এসব মেশিন নদীর তলদেশের ৬০ থেকে ৭০ ফুট নিচ থেকে পাথর তুলতে সক্ষম। এতে পার্শ্ববর্তী পরিবেশ ও নদীর ব্যাপক ক্ষতি হয়। তাই বোমা মেশিন ব্যবহার নিষিদ্ধ করেছে পরিবেশ অধিদপ্তর। গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনূছ মিয়া জানান, মেশিনগুলো জব্দের পর পরিবেশ অধিদপ্তর সিলেট কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। এ ব্যাপারে একটি মামলা হয়েছে।