জাফলংয়ে চার গর্ত ভরাট
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স অভিযান চালিয়ে পাথর তোলার চারটি গর্ত বন্ধ করে দিয়েছে। এ সময় ১১টি পাথর ভাঙার কলসহ (স্টোন ক্র্যাশার মেশিন) চারটি অবৈধ স্থাপনাও উচ্ছেদ করা হয়। জাফলংয়ের বল্লাঘাট বাজার থেকে চুনাকোয়ারি ও কান্দুবস্তি এলাকায় গতকাল সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত এ অভিযান চালানো হয়।
চুনাকোয়ারি এলাকায় গত রোববার বিকেলে পাথর তোলার একটি গর্তের মাটি ধসে কামরুজ্জামান (৩০) ও তাজউদ্দিন (৩২) নামের দুই শ্রমিক নিহত হন। পুলিশ পরে গর্ত মালিক দুলাল আহমদ ও পাঁচ শ্রমিককে আটক করে। এ ঘটনায় গোয়াইনঘাট থানায় আটক ছয়জনকে আসামি করে হত্যা মামলা করা হয়েছে বলে জানিয়েছেন থানার ওসি মো. দেলোয়ার হোসেন।
টাস্কফোর্সের গতকালের অভিযানটি পরিচালিত হয় গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সালাহ উদ্দিনের নেতৃত্বে। এ সময় চুনাকোয়ারির চারটি গর্ত ভরাট করার পাশাপাশি বল্লাঘাট বাজার থেকে কান্দুবস্তি এলাকা পর্যন্ত গর্তশ্রমিকদের চারটি অবৈধ স্থাপনা উচ্ছেদ ও অবৈধভাবে স্থাপন করা ১১টি পাথর ভাঙার কল অপসারণ করা হয়।