জাফলংয়ে ফের গর্তধস, পাথরশ্রমিক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের জাফলংয়ে পাথর তুলতে গিয়ে ফের শ্রমিক নিহত হওয়ার ঘটনা ঘটেছে। গতকাল বুধবার দুপুরে জাফলংয়ের রাজবাড়ি এলাকার মন্দিরের জুম নামক স্থানে পাথর তোলার সময় গর্তে মাটিচাপা পড়ে মো. মুস্তাকিম (২০) নামের এক পাথরশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিন পাথরশ্রমিককে আটক করেছে পুলিশ।
খবর পেয়ে মুস্তাকিমের লাশ উদ্ধার করেছে পুলিশ। হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ইসবপুর গ্রামের বাতির আলীর ছেলে মুস্তাকিম দীর্ঘদিন ধরে জাফলংয়ের মন্দিরের জুম এলাকায় দৈনিক মজুরির ভিত্তিতে পাথর উত্তোলনের কাজ করতেন। লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা বলেন, মুস্তাকিম সপ্তাহখানেক ধরে জাফলংয়ের মোহাম্মদপুর এলাকার একটি কলোনিতে বসবাস করে পাথর উত্তোলনের কাজ করে আসছিলেন। মন্দিরের জুম এলাকায় পাথর উত্তোলনের জন্য ২০ থেকে ২৫ ফুট গভীর একটি গর্ত খোঁড়া হয়। পাথর উত্তোলনের জন্য গতকাল সকালে বেলা ১১টার দিকে গর্তের ভেতর ছিলেন মুস্তাকিম। এ সময় হঠাৎ গর্তের পাড় ধসে পড়লে চাপা পড়েন মুস্তাকিম।
গোয়াইনঘাট থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য জারন আলী, লেবু মিয়া ও যতীশ দাস নামের তিন পাথরশ্রমিককে আটক করা হয়েছে। তাঁরাও মুস্তাকিমের সঙ্গে গর্ত খোঁড়ার কাজ করছিলেন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলতাফুর রহমান বলেন, গর্তের মালিককে ঘটনার পর থেকে পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে হত্যা মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
এর আগে গত ১৯ ফেব্রুয়ারি জাফলংয়ে চুনাকোয়ারির (চুনাপাথর) গর্তধসে দুই পাথরশ্রমিকের মৃত্যু হয়। এ ঘটনায় গর্তের মালিকসহ তিনজনকে আটক করে হত্যা মামলা করা হয়েছে। চুনাকোয়ারির পাশে মন্দিরের জুম এলাকায় প্রায় দুই সপ্তাহ পর আবার এ ঘটনা ঘটল। ৯ ফেব্রুয়ারি একই উপজেলার বিছনাকান্দি এলাকায় পাথর তোলার গর্তধসে তিনজন পাথরশ্রমিক নিহত হন। এ ছাড়া কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরেফিন টিলা কেটে অবৈধভাবে পাথর উত্তোলন করতে গিয়ে গত ২৩ জানুয়ারি গর্তধসে পাঁচজন শ্রমিক নিহত হন। ১১ ফেব্রুয়ারি একই জায়গায় ফের গর্তধসে মৃত্যু হয় আরেক শ্রমিকের। ১ মার্চ কোম্পানীগঞ্জের শাহ আরেফিন টিলায় গর্তধসে একজন পাথরব্যবসায়ী ও ৬ মার্চ উৎমা পাথর কোয়ারিতে আরেকজন শ্রমিক প্রাণ হারান।
এ নিয়ে গত প্রায় দুই মাসে কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলায় পাথর উত্তোলনের সময় পৃথক সাতটি গর্তধসের ঘটনায় নিহত হয়েছেন ১৪ জন শ্রমিক।