জাফলংয়ে এখন রাতে চলে 'বিলাই বোমা'

সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ পাথর কোয়ারির ধলাই নদে পাহাড়ি ঢলের পানিতে নতুন কৌশলে ভাসমান বোমা মেশিনের বিরুদ্ধে টাস্কফোর্সের ধারাবাহিক অভিযানের পর জাফলংয়ে শুরু হয়েছে নতুন ‘বিলাই বোমা’র ব্যবহার। পাথর কোয়ারি এলাকা ছাড়িয়ে নদনদীর কাছাকাছি এলাকায় রাতে চলে অবৈধ এ যন্ত্র। রাতে দ্রুত এ যন্ত্র চালানো হয় বলে নাম পড়েছে বিলাই বোমা।
গোয়াইনঘাট উপজেলার সীমান্তঘেঁষা দুই নদ পিয়াইন ও ডাউকি দিয়ে পাহাড়ি ঢল নামার শুরু থেকে প্রায় তিন সপ্তাহ ধরে চলছে বিলাই বোমা। জাফলং এলাকার নদনদীর তীর, বিভিন্ন বসতি, স্থাপনা ও বেড়িবাঁধ এলাকার কাছাকাছি এ বোমা চলায় উদ্বিগ্ন এলাকাবাসী গতকাল শুক্রবার সকালে মানববন্ধন ও সমাবেশ করে বিলাই বোমা বন্ধে টাস্কফোর্সের অভিযান দিনের বেলার পাশাপাশি রাতেও পরিচালনা করার আহ্বান জানিয়েছেন।
গতকাল দুপুরে পূর্ব জাফলং ইউনিয়নের গ্রামবাসীর উদ্যোগে বাউরভাগ হাওরে ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে সমাবেশও হয়। পূর্ব জাফলংয়ের বাসিন্দা মিনহাজুর রহমানের সভাপতিত্বে সমাবেশে তোয়াকুল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ লোকমান হোসেন শিকদার, গোয়াইনঘাটের ফারুক আহমেদ, হাজি নজরুল শিকদার প্রমুখ বক্তব্য দেন।
বক্তারা অভিযোগ করেন, রাতে অবৈধ যন্ত্র দিয়ে পাথর তোলা হচ্ছে। এতে করে পিয়াইন নদের তীরে অকালবন্যা মোকাবিলায় ২০১৩ সালে নির্মিত বেড়িবাঁধের প্রায় চার কিলোমিটার অংশ হুমকির মুখে পড়েছে। রাতে পাথর উত্তোলন বন্ধ করা না হলে বেড়িবাঁধ ভেঙে কৃষিজমি ও বসতি এলাকার বিনাশ হবে।
ইউএনও মো. সালাহ উদ্দিন বলেন, রাতে বিশেষ কোনো নজরদারি রাখা যায় কি না, বিবেচনা করা হবে।